বারুইপুরের আদি গঙ্গায় বীরভূমের যুবকের দেহ! খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ
প্রতিদিন | ০৫ আগস্ট ২০২৬
বীরভূমের যুবকের দেহ উদ্ধার বারুইপুরের আদি গঙ্গায়। বুধবার সকালে পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। তাঁকে খুন করে দেহ ভাসিয়ে দেওয়া হয়েছে নাকি, যুবক আত্মঘাতী হয়েছেন তা জানা যায়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌমেন চট্টরাজ। বয়স আনুমানিক ২৯ বছর। তাঁর বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া এলাকায়। সৌমেন কর্মসূত্রে বারুইপুরের সাহাপাড়া এলাকায় থাকতেন। একটি পোলট্রি ফার্মের কোষাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদাব্রত ঘাটের কয়াল পাড়ায় আদি গঙ্গা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর প্রথমে সৌমেনের পরিচয় জানা যায়নি। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে স্থানীয় বাসিন্দারা জানান, যুবক বারুইপুরে কর্মরত ছিলেন। তারপরই সৌমেনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা চেষ্টা করা হচ্ছে।
দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। এলাকার নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এই এলাকা অপরিষ্কার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই বলে অভিযোগ। এই ঘটনার পর এলাকায় নিয়মিত পুলিশি নজরদারি বৃদ্ধির দাবি তুলেছেন স্থানীয়রা। এলাকাবাসীর আরও অভিযোগ, সন্ধ্যার পর এলাকায় নিয়মিত নেশার আসর বসে। ফলে জায়গাটি অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হচ্ছে। মদের আসরে কোনও বচসার জেরে সৌমেন খুন হয়েছেন কি না, সেই প্রশ্নও উঠছে। তদন্ত করছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।