• এসটিএফের মেগা হানা টুলু মণ্ডলের শ্যালকের বাড়িতে, কী মিলল?
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • : বীরভূমে অবৈধ পাথর ব্যবসা ও বেআইনি কারবারের বিরুদ্ধে ফের বড়সড় তৎপরতা শুরু করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। সম্প্রতি বীরভূমের বিতর্কিত ‘পাথর সম্রাট’ হিসেবে পরিচিত মহম্মদ নিজাম উদ্দিন ওরফে টুলু মণ্ডলের ডেরায় দফায় দফায় তল্লাশি চালিয়ে জেলা পুলিশ, শুধু তল্লাশি চালানো নয়, পাশাপাশি ২০০ কোটির বেশি গুপ্তধন উদ্ধার হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁর শ্যালক মহম্মদ শামসুল আলম ওরফে মিন্টু শেখের বাড়িতে অভিযান চালাল এসটিএফ।

    বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ এসটিএফের একটি বিশেষ তদন্তকারী দল পাঁড়ুই থানা এলাকার ওই বাড়িতে পৌঁছয় এবং তল্লাশি অভিযান শুরু করে। তবে সূত্রের খবর, অভিযান চলাকালীন মিন্টু শেখ বাড়িতে নেই। তদন্তকারী আধিকারিকরা বাড়ির বিভিন্ন নথি ও সামগ্রী খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে। যদিও এই হানাদারি নিয়ে তদন্তকারী সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও কারণ দর্শানো হয়নি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামাইবাবু টুলু মণ্ডলের মতোই মিন্টু শেখের আর্থিক উত্থান রীতিমতো চমকপ্রদ। ২০১১-১২ সাল নাগাদ মিন্টু শেখেরা পার্শ্ববর্তী তালিপুর গ্রাম ছেড়ে পাঁড়ুইয়ে এসে বসবাস শুরু করেন। সেই সময় তাঁদের আর্থিক অবস্থা বেশ সাধারণ ছিল। পরিবারের দুই ভাইয়ের মধ্যে একজন ধান কেনাবেচার কারবার করতেন এবং অপরজন ছিলেন পেশায় গাড়িচালক।

    পরবর্তীকালে টুলু মণ্ডলের হাত ধরে পাথরের কারবার ও ক্র্যাশার ব্যবসায় নামার পর থেকেই তাঁদের ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করে। অতি অল্প সময়ের মধ্যেই বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তাঁরা। বর্তমানে তাঁদের ৩০ থেকে ৪০টি ডাম্পার এবং সুবিশাল পাথরের স্টক রয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি, এই ডাম্পারগুলির অধিকাংশের গায়েই বড় অক্ষরে ‘MSP’ লেখা থাকে, যার পূর্ণরূপ ‘মণ্ডল স্টোন প্রোডাকশন’ (Mandal Stone Production)। অভিযোগ, গাড়িতে এই নাম লেখা থাকলে পরিবহণ ও পাথর সরবরাহের ক্ষেত্রে বিশেষ প্রভাব ও বাড়তি সুবিধা পাওয়া যেত। আজ সকালে এসটিএফের এই আচমকা অভিযানে সমগ্র পাঁড়ুই ও সংলগ্ন এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। মিন্টু শেখের অনুপস্থিতিতে তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। যদিও টুলু মণ্ডলের আত্মীয় নজরুল ইসলাম দাবি করেছেন, কিছু মেলেনি তল্লাশিতে।
  • Link to this news (News18 বাংলা)