কলকাতা যেতে হবে না, উত্তরেই মিলবে হার্টের বেস্ট চিকিৎসা, কোথায় চালু হচ্ছে 'ক্যাথল্যাব' পরিষেবা?
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
উত্তরবঙ্গের হৃদরোগীদের জন্য বড় স্বস্তির খবর। এতদিন হার্ট অ্যাটাক বা জটিল হৃদরোগে আক্রান্ত বহু রোগীকেই উন্নত চিকিৎসার জন্য কলকাতা বা অন্যত্র ছুটতে হত। তবে এবার সেই চিত্র বদলাতে চলেছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে অত্যাধুনিক ক্যাথল্যাব (Cath Lab) পরিষেবা। রাজ্য সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গের ১১টি সরকারি মেডিক্যাল কলেজে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজও।
দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ক্যাথল্যাব চালুর দাবি উঠছিল। উত্তরবঙ্গের আটটি জেলা-সহ পার্শ্ববর্তী সিকিম, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের বহু রোগী চিকিৎসার জন্য এই হাসপাতালে আসেন। কিন্তু ক্যাথল্যাব না থাকায় জরুরি পরিস্থিতিতে অনেক রোগীকেই কলকাতা বা অন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করতে হত। এতে যেমন মূল্যবান সময় নষ্ট হত, তেমনই বাড়ত চিকিৎসার খরচ ও ঝুঁকি।
রাজ্য সরকারের নতুন উদ্যোগে এবার সেই সমস্যার সমাধানের পথ খুলছে। ক্যাথল্যাব চালু হলে একই হাসপাতালেই হৃদযন্ত্রের ধমনিতে ব্লক ধরা, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি-সহ একাধিক অত্যাধুনিক পরীক্ষা ও চিকিৎসা করা সম্ভব হবে। বিশেষ করে হার্ট অ্যাটাকের মতো জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা শুরু করা গেলে রোগীর প্রাণ বাঁচানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।
এই পরিষেবা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন উত্তরবঙ্গের সাধারণ মানুষ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ বিস্তীর্ণ এলাকার রোগীরা এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেই উন্নত হৃদরোগের চিকিৎসা পাবেন। কলকাতায় যাওয়ার জন্য অতিরিক্ত সময়, ভ্রমণ খরচ এবং রোগী স্থানান্তরের ঝুঁকি অনেকটাই কমবে। জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় মৃত্যুঝুঁকিও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডা. কৌশিক ঈশোর জানান, ক্যাথল্যাব পরিষেবা চালু হলে জরুরি হৃদরোগের চিকিৎসা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে। একইসঙ্গে উত্তরবঙ্গের রোগীরা নিজেদের এলাকাতেই আধুনিক চিকিৎসার সুবিধা পাবেন, ফলে বাইরে রেফার করার প্রয়োজন অনেকাংশে কমে যাবে। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছেন স্বাস্থ্য মহলের একাংশ। বিশেষজ্ঞদের মতে, অত্যাধুনিক এই ক্যাথল্যাব চালু হলে শুধু হৃদরোগ চিকিৎসাই নয়, গোটা উত্তরবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর মানুষের আস্থাও আরও বাড়বে। বহুদিনের অপেক্ষার পর এই পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।