• বৃষ্টির দাপটে থমকে সিকিম! ধসে বিচ্ছিন্ন একের পর এক রাস্তা! শুধু NH-10 নয়, কোন কোন রোড বন্ধ?
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • পাহাড়ে যেন থামছেই না বৃষ্টির দাপট। তার জেরেই ফের ধসের কবলে সিকিমের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক। সবচেয়ে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয়েছে NH-10-এর বারদাং এলাকার ২০তম মাইলে, যেখানে বিশাল ধসে সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। পাহাড় থেকে এখনও মাটি ও পাথর গড়িয়ে পড়ায় রাস্তা স্বাভাবিক করতে প্রাণপণ চেষ্টা চালালেও বারবার বাধার মুখে পড়ছে উদ্ধারকারী দল।

    সিকিম পুলিশের ৫ অগাস্টের সর্বশেষ রোড আপডেট অনুযায়ী, NH-10 এখনও যানবাহনের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিকল্প হিসেবে সাওয়ানে–চেওরিবোটে–ডুগা রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ভারী যন্ত্র নামিয়ে ধস সরানোর কাজ চালাচ্ছে NHIDCL। তবে টানা বৃষ্টির কারণে নতুন করে ধস নামার আশঙ্কা থাকায় মেরামতির কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে।

    এদিকে সমস্যার কেন্দ্রবিন্দু শুধু NH-10 নয়। মেলি–তাথাং, রাভাংলা–ইয়াংগাং, নামথাং–রংপো, সোপাখা–চিওয়াভাঞ্জিয়াং, ডেনটাম–উত্তারে, তাশিডিং–ইয়ুকসোম এবং রিম্বি–খেচেওপালরি-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কেও ধসের কারণে যোগাযোগ ব্যাহত হয়েছে। পাশাপাশি ৩ মাইল ভাসমে এবং কাগে এলাকাতেও রাস্তার অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছে, ফলে বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রশাসন পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং পণ্যবাহী গাড়ির চালকদের অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে প্রশাসন নির্দেশিত বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসও আশাব্যঞ্জক না হওয়ায় আগামী কয়েকদিন পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ধস সরিয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে NHIDCL, সিকিম পুলিশ এবং জেলা প্রশাসন যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। তবে প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই এগোতে হচ্ছে উদ্ধার ও মেরামতির কাজ। প্রশাসনের তরফে জানান হয়েছে, আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত নতুন আপডেট প্রকাশ করা হবে। পাহাড়ে যাতায়াতের আগে সর্বশেষ রোড স্ট্যাটাস জেনে নেওয়ার জন্যও সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)