• পাথরের ওপর পড়ে নিথর দেহ! দিঘার সমুদ্রে ফের মৃত্যু পর্যটকের, কীভাবে দুর্ঘটনা?
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • ফের দিঘায় সমুদ্রে তলিয়ে মৃত্যু পর্যটকের৷ দিঘার মেরিনা ঘাটে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক পর্যটকের। আজ, বুধবার দুপুরে মেরিনা ঘাটের কাছে পাথরের ওপর এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিঘা থানার পুলিশ ও স্থানীয় নুলিয়া দল। তাঁরা গিয়ে পাথরের ওপর থেকে মৃতদেহটি উদ্ধার করেন।

    এখনও পর্যন্ত ওই মৃত পর্যটকের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পরিচয় শনাক্ত করতে আশপাশের হোটেল ও অন্যান্য পুলিশ স্টেশনে যোগাযোগ শুরু করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সৈকত শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    প্রসঙ্গত, দিঘা সমুদ্র স্নানের সময় বহুবার পর্যটকদের তালিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে দিঘায় পর্যটকদের বাঁচাতে তৎপর প্রশাসন। তাই এবার সমুদ্র স্নানের নিয়মে বদল আনার চিন্তাভাবনা সরকারের। দিঘায় এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়৷ দিঘায় পর্যটকদের নিরাপত্তার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব আরোপ করেন। কারণ এখানে শনি ও রবিবার পর্যটকদের বিপুল ভিড় বা জনঘনত্ব থাকে। ট্রমা কেয়ারের অংশ হিসেবে সমুদ্রে ডোবা আটকানো এবং লাইফগার্ড নিয়োগের পরিকল্পনা রয়েছে।

    দিঘায় পর্যটকদের সমুদ্রস্নানের সময় মহিলাদের জন্য শাড়ি, সালোয়ারের থেকে সুইমিং স্যুট পরা বাঞ্ছনীয় এবং পুরুষদের ক্ষেত্রে উজ্জ্বল রং এর ফ্লুরোসেন্ট ক্যাপ বা উজ্জ্বল রঙের সুইমস্যুট পরা বাঞ্ছনীয় করা হবে, যাতে দূর থেকে তাঁদের স্পষ্ট দেখা যায় ও লাইফগার্ডরা সহজেই নজর রাখতে পারেন। স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “ফ্লুরোসেন্ট ক্যাপ বা টুপি পরা বাঞ্ছনীয়। সুইমিং স্যুট পরা বাঞ্ছনীয়। বেআব্রু সুইমিং স্যুট দরকার নেই। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলিয়ে আব্রু সুইমিং স্যুটও আছে। বিদেশের এই নিয়মগুলি আছে। এই নিয়মগুলি শুধুমাত্র পর্যটকদের জীবন বাঁচানোর জন্য।”
  • Link to this news (News18 বাংলা)