• বিড়ির পাতা দেওয়ার নামে ২ কোটির প্রতারণা, মহারাষ্ট্র থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • বিড়ির পাতা সরবরাহের নামে প্রায় দুই কোটিরও বেশি টাকা প্রতারণার অভিযোগে মহারাষ্ট্র থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। জঙ্গিপুর আদালতে সামসেরগঞ্জের কয়েকজন ব্যবসায়ীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তদন্তের পর মহারাষ্ট্রে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রোশান রাজেশ্বর দুদে (৪৪)। তাঁর বাড়ি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সাওলি থানার অন্তর্গত গোধাহী এলাকায়।

    বুধবার দুপুরে সামসেরগঞ্জের ব্যবসায়ী তথা কবিতা বিড়ির কর্ণধার বদরুল হক সাংবাদিকদের জানান, ২০২৩ সালে ধুলিয়ান এলাকার সুলতান মিঞা, ইসমাইল হোসেন, বদরুল হক-সহ কয়েকজন বিড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিড়ির পাতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দুই কোটি টাকারও বেশি অর্থ নেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পরও অভিযুক্তরা প্রতিশ্রুতি অনুযায়ী বিড়ির পাতা সরবরাহ করেনি। বরং নানা অজুহাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের হয়রানি ও প্রতারণা করে বলে অভিযোগ। এমনকি বিড়ির পাতা আনতে গিয়ে ব্যবসায়ীদের আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

    এরপর প্রতারিত ব্যবসায়ীরা জঙ্গিপুর আদালতের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বিষয়টি সামসেরগঞ্জ থানায় তদন্তের জন্য আসে। তদন্তে নেমে সামসেরগঞ্জ থানার পুলিশ তথ্য-প্রমাণ সংগ্রহ করে মহারাষ্ট্রে অভিযান চালায় এবং মূল অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে পুলিশ সূত্রে খবর, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও দু’জন অভিযুক্ত জড়িত রয়েছে। তারা বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীদের দাবি, বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করে পুরো প্রতারণা চক্রের পর্দাফাঁস করা হবে। ঘটনায় এলাকায় বিড়ি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)