• টানা বৃষ্টিতে থৈ-থৈ করছে শহরের রাস্তা! নিকাশি সংস্কারে কী পদক্ষেপ প্রশাসনের? বড় আশ্বাস মন্ত্রীর
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • টানা কয়েক দিনের বৃষ্টিতে থমকে গিয়েছে হাওড়া শহরের স্বাভাবিক জীবনযাত্রা। একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জমে থাকা হাঁটু জলের কারণে তীব্র দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও নিত্যযাত্রীরা। সমস্যা মেটাতে আশ্বাস মন্ত্রীর। শহরের জিএম মুখার্জি রোড, ঘুসুড়ি রোড সহ বিভিন্ন এলাকা বৃষ্টির জলে ভাসছে। রাস্তায় জল জমে থাকায় বাস, অটো ও টোটোর মত গণপরিবহণের গতি শ্লথ হয়ে পড়েছে।

    যানজটে আটকে থাকতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে। এক কথায় গন্তব্যে পৌঁছতে চরম নাভিশ্বাস উঠছে পথচারীদের। সবথেকে শোচনীয় অবস্থা ঘুসুড়ি রোড এলাকায়। বহু জায়গাতেই জমেছে হাঁটুজল, যা ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিনের জরাজীর্ণ নিকাশি ব্যবস্থা।

    বন্ধ হয়ে পড়ে থাকা ড্রেনেজ লাইনের কারণেই সামান্য বৃষ্টিতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জল দ্রুত নামতে না পারায় ক্ষোভ উগরে দিয়ে এলাকাবাসীর স্পষ্ট দাবি, দ্রুত ড্রেনেজ লাইন পরিষ্কার করতে হবে। স্থায়ী নিকাশি ব্যবস্থার সংস্কার করতে হবে, যাতে প্রতি বর্ষায় এই অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করতে না হয়।

    পরিস্থিতি পর্যালোচনা করে উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাই জানান, জলের পাইপলাইন বসানোর কাজ এবং নিকাশির সমস্যার কারণেই একাধিক এলাকায় এই ধরনের জটিলতা তৈরি হয়েছে। বর্ষাকালে জলনিকাশি স্বাভাবিক রাখতে একাধিকবার সাময়িক মেরামতির চেষ্টা করা হলেও, বৃষ্টির কারণে তা টিকছে না। তবে সাধারণ মানুষকে আস্বস্ত করে তিনি প্রতিশ্রুতি দেন, বর্ষা কাটার পরপরই মূল মেরামতি শুরু হবে। আসন্ন দুর্গাপুজোর আগেই হাওড়া শহরের ৯০% রাস্তার সংস্কারকাজ সম্পন্ন করা হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।
  • Link to this news (News18 বাংলা)