রেলগেট পার হতে গিয়ে কাণ্ড! বাসের ধাক্কায় ভাঙল ব্যারিয়ার, বড় দুর্ঘটনা এড়াল মালদহ
News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
লেভেল ক্রসিং পার করতে গিয়ে বিপত্তি! মালদহের পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকার ব্যস্ততম লেভেল ক্রসিংয়ে এক বেপরোয়া বাসের ধাক্কায় চাঞ্চল্য। অল্পের জন্য এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ রেলগেটের বুম ব্যারিয়ার নামার সময় একটি বেসরকারি বাস সজোরে ধাক্কা মারলে ব্যারিয়ারটি মাঝখান থেকে দুমড়ে-মুচড়ে বেঁকে যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য রেলগেট দিয়ে যান চলাচল ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল সুরক্ষা বাহিনী, রেল পুলিশ এবং রেলের প্রযুক্তিগত কর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে জরুরি ভিত্তিতে ম্যানুয়াল পদ্ধতিতে লেভেল ক্রসিং পরিচালনার ব্যবস্থা করা হয়। ফলে রেল ও সড়ক উভয় পরিষেবাই দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়। পরে ক্ষতিগ্রস্ত বুম ব্যারিয়ারের পরিবর্তে নতুন অটোমেটিক ব্যারিয়ার বসিয়ে দেওয়া হয়। ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করা হয়েছে। বাসচালককেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে রেল পুলিশ। কী কারণে নামানো অবস্থায় থাকা রেলগেটের ব্যারিয়ারে বাসটি ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ বিমানে আহত হলে ক্ষতিপূরণ মিলবে? জানুন যাত্রীদের ৫ গুরুত্বপূর্ণ অধিকার
ঘটনা প্রসঙ্গে বেসরকারি বাস সংগঠনের এক সদস্য রাঘব জানান, রেলগেট নামতে শুরু করার সময় চালক সম্ভবত ভেবেছিলেন বাসটি গেট পার হয়ে যাবে। সেই চেষ্টা করতে গিয়েই বাসের ছাদে বুম ব্যারিয়ার আটকে যায় এবং প্রবল ধাক্কায় সেটি ভেঙে যায়। এরপর রেল পুলিশ বাস ও চালককে আটক করে তদন্ত শুরু করেছে। রেল সূত্রের দাবি, সংশ্লিষ্ট কর্মীদের দ্রুত পদক্ষেপ এবং বিকল্প ব্যবস্থা গ্রহণের ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে ব্যস্ত রেলগেটে এ ধরনের বেপরোয়া আচরণ নিয়ে নতুন করে নিরাপত্তা ও সচেতনতার প্রশ্নও উঠতে শুরু করেছে।