• পাকা তাল খসে কোল খালি হয়ে গেল মায়ের, শিশুকন্যার মর্মান্তিক পরিণতি! ডুকরে কাঁদছে সবাই
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • রাস্তার গা ঘেঁষা তাল গাছ থেকে পাকা তাল খসে পড়ে মৃত্যু শিশুর! শ্রাবণ-ভাদ্রের বর্ষার মুখে গাছ থেকে তাল খসে পড়ে অকালে ঝরে গেল একটি ১৪ মাসের তাজা প্রাণ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা-২ নম্বর ব্লকের অমড়াগড়ি গ্রামে। এই অঘটনকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার পড়ন্ত বিকেলে ১৪ মাসের ওই শিশুকন্যাকে একটি বেবি ট্রাইসাইকেলে বসিয়ে বাড়ির সামনের রাস্তায় নিয়ে বেরিয়েছিল তার দিদি। শিশুটি যখন ট্রাইসাইকেলে চেপে আনন্দ করছিল, ঠিক সেই মুহূর্তেই ঘটে চরম বিপত্তি। রাস্তার গা ঘেঁষে থাকা একটি বিশালাকার তালগাছ থেকে হঠাৎই একটি ভারী পাকা তাল খসে সরাসরি এসে পড়ে শিশুটির মাথায়। আচমকা এই আঘাতে শিশুটি গুরুতর জখম হয়ে সঙ্গে সঙ্গেই সংজ্ঞাহীন হয়ে পড়ে।

    পরিবারের সদস্যরা কালবিলম্ব না করে তাকে প্রথমে অমড়াগড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু আঘাত এতটাই মারাত্মক ছিল যে সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন। চিকিৎসকদের সমস্ত প্রাণপণ চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত কোল খালি করে মৃত্যু হয় নিষ্পাপ শিশুটির। এই ঘটনার পর থেকে অমড়াগড়ি গ্রামে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

    স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে থাকা তাল গাছ দীর্ঘদিন ধরেই অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। এর আগেও গাছগুলির মালিকদের সাবধান করা হয়েছিল এবং সেগুলি কেটে ফেলার আবেদন জানানো হয়েছিল। কিন্তু মালিকপক্ষের উদাসীনতা ও অসচেতনতার কারণেই আজ এমন এক মর্মান্তিক পরিণতির সাক্ষী হতে হল পুরো গ্রামকে। ঘটনার পর থেকে এলাকার সমস্ত বিপদজনক গাছ অবিলম্বে কেটে ফেলার জন্য জোরালো দাবি তুলেছেন গ্রামবাসী ও স্থানীয়রা।
  • Link to this news (News18 বাংলা)