• ‘প্রয়োজনে ঝাড়খণ্ডেও যাব’, হেমন্তের সরকারের বিরুদ্ধে ছাত্রবিক্ষোভকে সমর্থন জানিয়ে হুমকি ‘ককরোচ’দের
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভের রেশ কাটতে না-কাটতেই ফের ছাত্রবিক্ষোভ। এ বার ঝাড়খণ্ডে। সে রাজ্যের পিএসসি এবং এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে যে পড়ুয়ারা আন্দোলন শুরু করেছে, তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বললেন, ‘আমরা অবশ্যই ঝাড়খণ্ড যাব। আন্দোলনরতদের পাশে দাঁড়াব।’ বৃহস্পতিবার এ নিয়ে দুপুর ২টোয় সাংবাদিক বৈঠকও করা হবে বলে জানিয়েছেন দীপকে।

    গত বুধবার থেকে হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে রাঁচির এক স্টেডিয়ামে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন পড়ুয়ারা। অনির্দিষ্টকালের জন্য এই অবস্থান বিক্ষোভ চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আন্দোলনাকারীরা। তাঁদের অভিযোগ, গত ১৯ এপ্রিল যে জেপিএসসি পরীক্ষা হয়েছে, তাতে অনিয়ম হয়েছে। পরীক্ষার ওএমআর শিট ফাঁস হয়েছে বলে অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। এ অবস্থায় জেপিএসসি পরীক্ষা বাতিল করার দাবি তুলেছেন আন্দোলনরত পড়ুয়ারা। নিয়োগ সংস্থাগুলিতে সংস্কার এবং ওমএমআর শিটে ‘নট অ্যাটেম্পটেড’ বলে একটি পৃথক অপশন রাখারও দাবি তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, অনিয়ম তদন্তে বাইরের রাজ্যের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি নিরপেক্ষ দল গঠন করা হোক।

    আন্দোলনকারীদের এই সমস্ত দাবিদাওয়াকে সমর্থন জানিয়ে দীপকে বলেন, ‘দেশের বিচারব্যবস্থা, রাজনীতি, সংবাদমাধ্যম এবং নির্বাচন কমিশনের উপর আর আস্থা নেই সাধারণ মানুষের। আমাদের আন্দোলন কেবল শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ছিল না। আমরা চাই, এই সমস্ত প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছে জবাবদিহি করুক। তাই একটা পাবলিক প্রেশার গ্রুপের খুব প্রয়োজন।’ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে দীপকে বলেন, ‘একটি দলকে মানুষ ভোট দেয়, আর সরকার গড়ে অন্য একটি দল।’

    ভবিষ্যতে কি সিজেপি রাজনীতির ময়দানে নামবে? দীপকে বলেন, ‘আপাতত প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করবে সিজেপি। কারণ এই মুহূর্তে এটাই প্রয়োজন দেশের জন্য।’

  • Link to this news (এই সময়)