বহু দিনের অভিযোগ, একাধিক বার সতর্কবার্তা— কোনও কিছুতেই কাজ হয়নি। শেষে বুধবার সকালে বারাসতে ফুটপাত দখলমুক্ত করতে কড়া বার্তা দেওয়া হলো প্রশাসনের তরফে। দোকানদারদের স্পষ্ট জানিয়ে দেওয়া হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা-ফুটপাত খালি না করলে উচ্ছেদ অভিযান হবে। প্রশাসনের স্পষ্ট বার্তা, শহরের রাস্তা আর দখলদারদের জন্য নয়, পথচারীদের জন্য।
বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরী সারিয়া, বারাসত পুলিশ জেলার সুপার জে মার্সি এবং বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায় শহরের ব্যস্ততম কেএনসি রোড পরিদর্শনে যান। পথচারীদের দীর্ঘদিনের অভিযোগ, রাস্তার ধারের একাধিক দোকানদার দোকান বাড়িয়ে রাস্তায় তুলে এনেছেন। তার ফলে রাস্তা দিয়ে চলাফেরায় যেমন অসুবিধে হয়, তেমনই ফুটপাতেও দোকান বসানোর ফলে পথচলতি মানুষের চরম অসুবিধের মুখে পড়তে হয়। এই অভিযোগ নজরে রেখেই অভিযান চালানো হয়।
এ দিন প্রশাসনিক কর্তারা দখলদারদের শুধু সতর্ক করেছেন। অবিলম্বে ফুটপাত ও রাস্তাঘাট খালি করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা না সরলে অভিযান উচ্ছেদ করা হবে বলেও জানানো হয়েছে। জেলাশাসক শিল্পা বলেন, ‘বারাসত এমনিতেই ঘিঞ্জি শহর। মানুষ ফুটপাতে হাঁটতে পারছেন না। সেই কারণেই দোকানদারদের অবৈধ দখল করে রাখা জায়গা থেকে সরে যেতে বলা হয়েছে। অবৈধ পার্কিংয়েও কড়া পদক্ষেপ করা হবে। ফাইন নেব আমরা। আমরা এখন শুধু ওয়ার্নিং দিচ্ছি।’
বেআইনি নির্মাণ নিয়েও কড়া বার্তা দিয়েছেন পুলিশ সুপার জে মার্সি। তিনি বলেন, ‘পুরসভা আমাদের জানিয়েছিল। সেই মতোই আমরা এই অভিযানে ফোর্স দিয়েছি। কাল থেকে অভিযান শুরু হবে।’