• শিশু চোর সন্দেহে বৃদ্ধাকে বেধড়ক মারধর, চাঞ্চল্যকর ঘটনা হাবরায়, আটক এক
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • শিশু চোর সন্দেহে এক বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটে হাবরা স্টেশনে। ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে বলে খবর। ধৃত মহিলার নাম পিঙ্কি শিকদার। এই ঘটনায় আরও কারা যুক্ত তা নিয়ে তদন্ত হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবরা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নগর থুবা শিমুলতলা এলাকার বাসিন্দা সারথি বারুই বিরাটি যাওয়ার জন্য হাবরা স্টেশনে গিয়েছিলেন। নিজের নাতিকে কোলে নিয়ে হাবরা স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন। অভিযোগ, সেই সময়ে কয়েকজন মহিলা আচমকাই রটিয়ে দেন, তাঁর কোলে থাকা শিশুকে চুরি করা হয়েছে। সারথি দেবী বারবার জানান, শিশুটি তাঁর মেয়ের ছেলে, নাতি। কিন্তু তাঁর কোনও কথাই শোনেননি অভিযুক্তরা। অভিযোগ, চুলের মুঠি ধরে তাঁকে স্টেশনের মধ্যেই বেধড়ক মারধর করা হয়।

    সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ঘটনার সময়ে এক রেল পুলিশ কনস্টেবল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি ওই বৃদ্ধাকে রক্ষা করার জন্য কোনও তৎপরতা দেখাননি বলে অভিযোগ। হামলাকারীদের বাধাও দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে, উপস্থিত কয়েকজন মহিলা ‘শিশু চোর’ তকমা দিয়ে ঘটনার লাইভ সম্প্রচার করেন এবং পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে।

    ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে হাবরার নাগরিক সমাজ ও বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদে নামেন স্থানীয় মানুষজন। এর পরেই রেল পুলিশ ভাইরাল ভিডিয়োর সূত্র ধরে আশুতোষ কলোনির বাসিন্দা পিঙ্কি শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান এবং পরে তাঁকে আটক করা হয়।

    বনগাঁ জিআরপি থানার আধিকারিক নয়ন পাত্র জানান, ঘটনার সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করার কাজ চলছে। যাঁদের পরিচয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ওই নির্যাতিতা মহিলার পরিবার-সহ প্রতিবেশীরাও।

  • Link to this news (এই সময়)