• রাস্তায় বেড়ানোর সময়ে শিশুর মাথায় তাল পড়ে দুর্ঘটনা, মৃত্যু একরত্তির
    এই সময় | ০৫ আগস্ট ২০২৬
  • মাথায় তাল পড়ে মৃত্যু এক শিশুকন্যার। মর্মান্তিক ঘটনা হাওড়ার আমতায়। নিহত শিশুর নাম আকিফা সুলতানা। বয়স মাত্র ১৩ মাস। মঙ্গলবার সন্ধ্যায় আমতা ২ নম্বর ব্লকের জয়পুর থানার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামচক এলাকায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

    জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় আকিফাকে প্যারাম্বুলেটরে বসিয়ে তার দিদি রাস্তায় বেরিয়েছিল। পরে বাড়ি ফেরার সময়ে আচমকা রাস্তার পাশে থাকা তালগাছ থেকে একটি তাল ছোট আকিফার মাথায় পড়ে। রক্তাক্ত অবস্থায় প্যারাম্বুলেটরে লুটিয়ে পড়ে ছোট শিশু। দুর্ঘটনার পরে পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে স্থানীয় অমরাগড়ি বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে সেখানেই ছোট আকিফার মৃত্যু হয়।

    এ দিকে এই ঘটনার পরেই গ্রামে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, গাছ কেটে ফেলার দাবিতে গাছের মালিকদের বাড়িতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গাছ কেটে ফেলার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে, পুলিশ তাল গাছটি কেটে দেওয়ার ব্যবস্থা করে।

    মৃত শিশুর দাদু সেখ শারুক আলির অভিযোগ, রাস্তার পাশে তাল গাছ থাকায় বিপদের আশঙ্কায় আমরা একাধিকবার তাল গাছ কাটার কথা বলেছি। তার পরেও গাছ কাটা হয়নি। আর যার ফলে এই পরিণতি। একরত্তি শিশুর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

  • Link to this news (এই সময়)