পরিবার প্রতি কর ১,২০০ টাকা? অবস্থান স্পষ্ট করল রাজ্য
আজকাল | ০৬ আগস্ট ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পঞ্চায়েত কর নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (পি অ্যান্ড আর ডি) দপ্তর। দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রতি পরিবারের জন্য পঞ্চায়েত কর ১,২০০ টাকা করা হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
দপ্তরের বক্তব্য, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর কর সংক্রান্ত বিধানগুলিতে কোনও পরিবর্তন করা হয়নি। আগে যে আইন কার্যকর ছিল, এখনও সেই একই আইন বলবৎ রয়েছে এবং কোনও সংশোধন ছাড়াই তা কার্যকর করা হচ্ছে।
এছাড়া, আইনে যে স্ব-মূল্যায়ন (Self-Assessment) পদ্ধতির কথা বলা রয়েছে, সেই ব্যবস্থাই এখনও অনুসরণ করা হচ্ছে। কর নির্ধারণের ক্ষেত্রে নতুন কোনও নিয়ম চালু করা হয়নি বলে দপ্তর স্পষ্ট করেছে।
দপ্তর জানিয়েছে, ১৬তম অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর বিভিন্ন ধারায় কর সংক্রান্ত বিধান ব্যাখ্যা করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়েছিল। কিন্তু সেই এসওপি-কে ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে, বিভ্রান্তি এড়াতে ওই এসওপি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে উপযুক্ত সময়ে নতুন নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে পঞ্চায়েত দপ্তর।
রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান কর কাঠামোতে কোনও পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। তাই পঞ্চায়েত কর বৃদ্ধি সংক্রান্ত ভুয়ো বা বিভ্রান্তিকর প্রচারে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।