• ডেবরায় কাজে বেরিয়ে বজ্রাঘাতে মৃত্যু দুই মহিলার!
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহ রূপের সাক্ষী থাকল ডেবরা। মাঠে চাষের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই মহিলা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর ১১/২ গ্রাম পঞ্চায়েতের রেলস্টেশন সংলগ্ন রায়পুকুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কয়েকজন মহিলা মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন। বিকেলের দিকে আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় ঝোড়ো হাওয়া, প্রবল বৃষ্টি এবং বজ্রপাত। পরিস্থিতি বুঝে সকলে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করলেও, প্রকৃতির নির্মম আঘাত থেকে রক্ষা পাননি তাঁরা। একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তাঁদের উপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। গুরুতর আহত হন আরও তিনজন।

    বজ্রাঘাতের সময় আক্রান্তদের চিৎকার শুনে আশপাশের কৃষক ও স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে নামেন। আহতদের দ্রুত উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় রায়পুকুর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দুই পরিবারের প্রিয়জনকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। গ্রামবাসীরাও এই আকস্মিক মৃত্যুর ঘটনায় স্তব্ধ।

    বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বারবার খোলা মাঠ, জলাশয় বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হলেও জীবিকার তাগিদে বহু কৃষিশ্রমিককে প্রতিদিন মাঠে নামতে হয়। ডেবরার এই হৃদয়বিদারক ঘটনা আবারও মনে করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষের অসহায়তার বাস্তব চিত্র।
  • Link to this news (আজকাল)