• বন্ধ ইটভাঁটায় লুকনো টাকার পাহাড়! 'মালিক' কে?
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: টুলুর টাকার পাহাড়ের পর এবার দুর্গাপুরে টাকার খনি! বন্ধ ইটভাঁটা থেকে উদ্ধার ৪৮ লক্ষ টাকা। বীরভূমে বালি ও পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিভিন্ন ঠিকানায় বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে একটি দীর্ঘদিন বন্ধ থাকা ইটভাঁটা থেকে উদ্ধার হল নগদ ৪৮ লক্ষ টাকা। ঘটনাকে ঘিরে জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদপুর থানার পুলিশ একটি চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে গোপন সূত্রে জানতে পারে যে, গৌরবাজার এলাকার একটি পরিত্যক্ত ইটভাঁটায় বিপুল পরিমাণ নগদ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে তল্লাশি করে সেখান থেকে নগদ ৪৮ লক্ষ টাকা উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

    আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডা. প্রণব কুমার জানান, চুরির মামলার তদন্তের সূত্র ধরেই এই উদ্ধার অভিযান চালানো হয়। টাকার প্রকৃত উৎস, মালিকানা এবং চুরির ঘটনার সঙ্গে এর কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

    এদিকে স্থানীয়দের একাংশের দাবি, অতীতে ওই ইটভাঁটায় কিছু তৃণমূল নেতা-কর্মীর যাতায়াত ছিল। তবে এই দাবির সত্যতা এখনও পুলিশ নিশ্চিত করেনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।

    তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া টাকার প্রকৃত মালিক, উৎস এবং এর পিছনে অন্য কোনও বেআইনি চক্র জড়িত রয়েছে কি না, সেই দিকেই এখন নজর তদন্তকারীদের।
  • Link to this news (আজকাল)