আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলওয়ের শিয়ালদহ ডিভিশনের নতুন অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (এডিআরএম) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রজনীশ সিং। ২০০৫ ব্যাচের 'ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং' (IRSEE)-এর ক্যাডার রজনীশ সিং। বিগত দিনে রেলের বহু গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব সামলেছেন তিনি। ফলে রজনীশ সিং দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়েই শিয়ালদহ ডিভিশনের এডিআরএম হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এই দায়িত্ব গ্রহণের আগে, রজনীশ সিং- চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে 'চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার/লোকো' হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন। রেখেছেন রেলের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান। সরকারি কাজকর্ম পরিচালনায় তাঁর বিবিধ অভিজ্ঞতা ও গভীর বোঝাপড়া শিয়ালদহ ডিভিশনের পরিচালনায় অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করবে বলে আশা।
রজনীশ সিং-এর মূল লক্ষ্য হবে ডিভিশন জুড়ে পরিচালনগত দক্ষতা বৃদ্ধি, যাত্রীদের সুযোগ-সুবিধা উন্নত করা এবং সর্বোচ্চ মানের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। ডিভিশনের রেলওয়ে ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তিনি সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানিয়েছেন।