• টাটা গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু শুভেন্দু সরকারের
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: প্রশাসনিক সূত্রের খবর, সম্প্রতি টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠকও করেছেন পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (WBIDC)-এর প্রতিনিধিরা। বৈঠকে, একদিকে যেমন সিঙ্গুর-সংক্রান্ত আরবিট্রেশন ট্রাইবুনালের রায় বাস্তবায়নের বিষয়টি উঠে এসেছে, তেমনই ভবিষ্যতে পশ্চিমবঙ্গে টাটা গোষ্ঠীর নতুন বিনিয়োগের সম্ভাবনাও খতিয়ে দেখা হয়েছে।

    নবান্ন সূত্রে জানা গিয়েছে, আরবিট্রেশন ট্রাইবুনালের নির্দেশ অনুযায়ী টাটা গোষ্ঠীকে ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। ক্ষতিপূরণ প্রদানের প্রশাসনিক ও আইনি দিক, অর্থপ্রদানের পদ্ধতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়েও উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে বলে সূত্রের দাবি।

    শুধু অতীতের একটি প্রকল্পের নিষ্পত্তিই নয়, ভবিষ্যতের শিল্পায়ন নিয়েও ইতিবাচক বার্তা দিতে চায় রাজ্য সরকার। সেই কারণেই বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পনীতি, অবকাঠামো, লজিস্টিক সুবিধা এবং বিনিয়োগের সুযোগ তুলে ধরে টাটা গোষ্ঠীকে নতুন প্রকল্পে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

    নবান্নের একাংশের মতে, রাজ্যে বৃহৎ শিল্প বিনিয়োগ বাড়াতে বিভিন্ন কর্পোরেট গোষ্ঠীর সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখার কৌশল নেওয়া হয়েছে। টাটা গোষ্ঠীর সঙ্গে এই বৈঠকও সেই উদ্যোগেরই অংশ বলে মনে করা হচ্ছে। যদিও এই বৈঠক বা আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা টাটা গোষ্ঠীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
  • Link to this news (আজকাল)