সাইবার প্রতারণা রুখতে কাদের সঙ্গে জোট বাঁধল লালবাজার
আজকাল | ০৬ আগস্ট ২০২৬
গোপাল সাহা: সাইবার প্রতারণা রুখতে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সাইবার অপরাধীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় লালবাজারে পুলিশ কমিশনারের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), সাইবার ক্রাইম ইউনিটের সিনিয়র অফিসাররা, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রতিনিধি এবং রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কগুলির শীর্ষস্থানীয় কর্তারা।
বৈঠকের মূল লক্ষ্য একটাই- সাইবার আর্থিক প্রতারণা, অনলাইন ব্যাঙ্কিং স্ক্যাম ও ডিজিটাল পেমেন্ট জালিয়াতির বিরুদ্ধে সবাই মিলে একসঙ্গে লড়াই করা। আলোচনায় উঠে এসেছে সাইবার অপরাধীদের নতুন নতুন কৌশল। কীভাবে দ্রুত প্রতারণামূলক লেনদেনের খবর পৌঁছবে পুলিশের কাছে, কীভাবে সন্দেহভাজন অ্যাকাউন্ট মুহূর্তের মধ্যে ফ্রিজ করা যাবে, কীভাবে ব্যাঙ্ক ও পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান আরও মসৃণ হবে, এই সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে জোর দেওয়া হয়েছে গ্রাহক সুরক্ষা ও জনসচেতনতার উপরও। ব্যাঙ্কগুলিকে আরও কঠোর গ্রাহক যাচাই ও প্রতারণা ঝুঁকি ব্যবস্থাপনার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রযুক্তির সাহায্যে প্রতারণা ঠেকাতে ব্যবস্থা জোরদার এবং ভুক্তভোগীদের দ্রুত সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভা শেষে সবাই একমত হয়েছেন। নিয়মিত বৈঠক, প্রশিক্ষণ ও তথ্য বিনিময়ের মাধ্যমে সাইবার অপরাধীদের বিরুদ্ধে এক শক্তিশালী জোট গড়ে তোলা হবে। কলকাতা পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষের টাকা এখন আরও নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে। এমনটা জানিয়েছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। অর্থাৎ,যে ভাবেই হোক রুখতে হবে এই সাইবার প্রতারণা। সুরক্ষিত করতে হবে সাধারণ মানুষের আর্থিক লেনদেন।