কুকুরকে গুলি করে হত্যার অভিযোগে উত্তেজনা, অভিযুক্তকে আটক করল পুলিশ
News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
মুর্শিদাবাদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসগোলা কালীমন্দির সংলগ্ন এলাকায় এক পথকুকুরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় অভিযুক্ত শ্রীকান্ত রায় বাঁশগোলা কালীমন্দির এলাকায় এয়ারগান দিয়ে ওই সারমেয়র মাথায় গুলি করে। ঘটনাস্থলেই কুকুরটির মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে স্থানীয় পশুপ্রেমী সংগঠন ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা দ্রুত সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে আটকে রাখেন এবং মুর্শিদাবাদ থানায় খবর দেন। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা, পশুপ্রেমী এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে রেখে মুর্শিদাবাদ থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রীকান্ত রায় নামে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক। তাঁরা মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩২৫ ধারা প্রয়োগের বিষয়টিও স্মরণ করিয়ে দেন।
উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩২৫ ধারা অনুযায়ী, কোনও প্রাণীকে হত্যা, বিষপ্রয়োগ, পঙ্গু বা অকেজো করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত পথকুকুরটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশুক্লেশ নিবারণকারী সংগঠনের প্রতিনিধি বিশ্বজিৎ চৌধুরীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শ্রীকান্ত রায় (৩৫) নামে এক টোটো চালককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে অভিযুক্ত এয়ারগানটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ পথকুকুরটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।