ঘণ্টার পর ঘণ্টা রেলগেটে ভোগান্তি শেষ, বিধায়কের উদ্যোগে রামপুরহাটে বড় পরিবর্তন! কী জানা গেল?
News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
রাজ্যে পালাবদলের পরেই রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহার প্রস্তাবে হতে চলেছে বড় পরিবর্তন। বিধায়কের প্রস্তাব মতন রামপুরহাট শহরের ব্যস্ততম রেল ওভারব্রিজ নির্মাণের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসেন ইঞ্জিনিয়ার এবং পিডাব্লুডি আধিকারিকরা। প্রসঙ্গত রামপুরহাটের বাসিন্দাদের অভিযোগ পূর্বতন সরকারের আমলে নানান ধরনের সহায়তা থেকে বঞ্চিত ছিল এই রামপুরহাট শহর।
আর সেই কারণেই রামপুরহাটের বিধায়ক শহরের ভোলবদল এবং নাগরিক স্বচ্ছতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যেই রামপুরহাট শহরের যানজট ও জল নিকাশি ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে কয়েকদিন আগেই রামপুরহাট মহকুমা শাসককে সঙ্গে নিয়ে যৌথ পরিদর্শন করেছেন। এছাড়াও রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া সেচ ক্যানেল পাড়ের চওড়া রাস্তা এবং স্টেশন যাওয়ার পথে একটি রেল ওভার ব্রিজ নির্মাণের জন্য রেলের কাছে লিখিত প্রস্তাব দিয়েছিলেন তিনি।
আর এরই পরিপ্রেক্ষিতে রেলের আধিকারিকরা এলাকা পরিদর্শনে আসেন। বিধায়কের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির জেলার সাধারণ সম্পাদক শান্তনু মন্ডল। প্রসঙ্গত, বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইন রামপুরহাট শহরকে দু’ভাগে বিভক্ত করেছে। ২০০৭ সালে চাঁদমারি এলাকার পুরনো ফুটব্রিজটি ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভেঙে ফেলা হয়।
তারপর দীর্ঘ সময় পার হলেও নতুন করে কোনও ধরনের ব্রিজ তৈরি করেনি রেল কর্তৃপক্ষ। ফলে রামপুরহাট পুরসভার ১, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ড এবং কুসুম্বা ও আয়াস পঞ্চায়েতের হাজার হাজার মানুষ নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর পাশাপাশি মেডিক্যাল কলেজ, এসডিও, বিডিও অফিস বা থানায় যাতায়াতের রেলগেটের বাঁধা সাধারণ মানুষের ধৈর্যের সীমা অতিক্রম করে দিচ্ছে। আর সেই কারণে এই পদক্ষেপ।