বেলদা কলেজের সামনে তামাক বিক্রিতে কড়া অভিযান, যৌথ তল্লাশিতে জরিমানা একাধিক দোকানে
News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
নেশামুক্ত ও সুস্থ যুবসমাজ গড়ে তুলতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পদক্ষেপ করছে রাজ্য সরকার। সেই উদ্যোগকে আরও জোরদার করতে এবার স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে কড়া নজরদারিতে নামল প্রশাসন। স্বাস্থ্য দফতর, পুলিশ ও আবগারি দফতরের যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের বেলদায় চালানো হল বিশেষ অভিযান।
সরকারি নিয়ম অনুযায়ী, কোনও স্কুল বা কলেজের সীমানার ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বিভিন্ন জায়গায় এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছাচ্ছিল। অভিযোগ ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের একাধিক দোকানে প্রকাশ্যেই সিগারেট, গুটখা-সহ বিভিন্ন তামাকজাত সামগ্রী বিক্রি হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার বেলদা কলেজ সংলগ্ন এলাকায় আচমকা অভিযান চালানো হয়।
কলেজ চলাকালীন সময়ে স্বাস্থ্য দফতর, পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা যৌথভাবে একাধিক দোকানে তল্লাশি চালান। অভিযানে বেশ কয়েকটি দোকানে নিষিদ্ধ তামাকজাত দ্রব্য বিক্রির প্রমাণ মেলে। নিয়ম ভাঙার অভিযোগে সংশ্লিষ্ট দোকানগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়।
শুধু কলেজের বাইরের দোকানই নয়, বেলদা কলেজ ক্যাম্পাসের ভেতরে থাকা ক্যান্টিনেও তল্লাশি চালান আধিকারিকরা। হঠাৎ করে বিপুল পুলিশ বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই অভিযানে কৌতূহলী হয়ে ওঠেন।
প্রশাসনের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে সম্পূর্ণ তামাকমুক্ত রাখা এবং পড়ুয়াদের নেশার কবল থেকে দূরে রাখাই এই অভিযানের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে স্কুল-কলেজের আশপাশে কোনও দোকানে যাতে তামাকজাত দ্রব্য বিক্রি না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, এই অভিযান কোনও একদিনের নয়। আগামী দিনেও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় একই ধরনের যৌথ অভিযান ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হবে।