হেলমেট না পরলেই জরিমানা নয়, এবার দিতে হবে...! বেলদায় ট্রাফিক পুলিশের অভিনব ‘গান্ধিগিরি’
News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
: রাস্তায় হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়েছেন? ভাবছেন ট্রাফিক পুলিশের সামনে পড়লেই মোটা টাকার গাঁটের কড়ি খসবে? এবার জরিমানা নয়, বরং নিজের ভুল স্বীকার করে খোদ পুলিশের কাছে মুচলেখা দিতে হল আইন ভঙ্গকারী বাইক আরোহীকে। পথ দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে আরও বেশি করে সচেতন করতে এমনই এক অভিনব উদ্যোগ গ্রহণ করল জেলা পুলিশ। কড়া আইনি শাস্তির বদলে আপাতত ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতেই এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে।
সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় এমনই এক নজিরবিহীন ছবি ধরা পড়ল সাধারণ মানুষের চোখে। বেলদা পুলিশ মহকুমা আধিকারিক, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে খাস বেলদা বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালান হয়। আজ বুধবার ভরদুপুরে ব্যস্ত রাস্তায় আচমকাই শুরু হয় পুলিশের এই চেকিং। তবে অন্যান্য দিনের মতো এদিন চালান কাটা বা জরিমানা আদায়ের কোনও তাড়া ছিল না পুলিশকর্মীদের মধ্যে। বরং হেলমেটহীন বাইক আরোহীদের আটকে তাদের ভুল ধরিয়ে দেওয়ার উপরই বেশি জোর দেওয়া হয়।
এই সচেতনতা কর্মসূচিতে পুলিশের ভূমিকা ছিল অনেকটাই প্রচলিত ‘গান্ধিগিরি’র মতো। যেসব সচেতন নাগরিক ট্রাফিক নিয়ম মেনে মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন, তাদের থামিয়ে সম্মান জানাতে পুলিশের পক্ষ থেকে হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল এবং মিষ্টি। অন্যদিকে, যারা ট্রাফিক নিয়ম অমান্য করে হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়েছিলেন, তাদের আটকে মুচলেখা লিখিয়ে নেয় পুলিশ। সেই মুচলেখায় আরোহীদের নিজেদের হাতে প্রতিশ্রুতি লিখে দিতে হয় যে, আগামীদিনে তারা নিজেদের এবং অপরের নিরাপত্তার স্বার্থে সর্বদা হেলমেট পরেই বাইক চালাবেন। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি খোদ বাইক আরোহীরাও।
জেলা পুলিশের তরফে জানান হয়েছে, পথ দুর্ঘটনা এড়াতে ও পথ নিরাপত্তায় জোর দিতে একাধিক নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপাতত সাধারণ মানুষকে সচেতন করতেই জরিমানার বদলে মুচলেখা লিখিয়ে ছেড়ে দেওয়ার এই নরম পথ বেছে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে অসচেতন বাইক আরোহীদের সাবধান করতে এই উদ্যোগ নেওয়া হলেও, আগামীদিনে এই কর্মসূচি আরও ব্যাপকভাবে চলবে। তবে বারবার সচেতন করার পরেও যদি কেউ নিয়ম ভাঙেন, তবে আগামীতে পথ নিরাপত্তা রক্ষায় কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবে না পুলিশ প্রশাসন।