• বন্যা-ভাঙন মোকাবিলায় আগাম প্রস্তুতি, মালদহে চালু জেলা বিপর্যয় মোকাবিলা পরিকল্পনা
    দৈনিক স্টেটসম্যান | ০৬ আগস্ট ২০২৬
  • প্রবল বর্ষণে বন্যা, নদীভাঙন ও জলবদ্ধতার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে সাধারণ মানুষ। এবার সেই দুর্যোগ মোকাবিলায় বড় পদক্ষেপ নিল মালদহ জেলা প্রশাসন। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ‘মালদহ জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান ২০২৬-২৭’। পরিকল্পনা প্রকাশের পরই জেলা শাসক ও জেলা পুলিশ সুপার যৌথভাবে জেলার সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখেন।

    নতুন এই পরিকল্পনা ব্লক ও পুরসভাভিত্তিক একটি পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা। যেখানে বন্যা, নদীভাঙন,  জলাবদ্ধতা-সহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। জেলার ঝুঁকিপূর্ণ এলাকা,  বিপন্ন জনসংখ্যা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি আগাম সতর্কীকরণ ব্যবস্থা, কন্ট্রোল রুম, দ্রুত উদ্ধারকারী দল, বিকল্প রাস্তা, আশ্রয়কেন্দ্র, ত্রাণশিবির, নৌকা, চিকিৎসা পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা এবং ত্রাণসামগ্রীর মজুতের বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    জেলা শাসক রাজনবীর সিং কপূর (আইএএস) বলেন, ‘এই পরিকল্পনাই আমাদের কার্যকর নির্দেশিকা। সময়মতো সতর্কবার্তা পৌঁছে দেওয়া, নিরাপদে মানুষকে সরিয়ে নেওয়া, জরুরি পরিষেবা সচল রাখা এবং বিপন্ন মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’ জেলা পুলিশ সুপার অনুপম সিং (আইপিএস) বলেন, ‘উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ, যান চলাচল নিয়ন্ত্রণ, ত্রাণশিবিরের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন অন্যান্য সমস্ত সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।’

    প্রশাসনের দাবি, দুর্যোগের সময় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর ফলে যে কোনও জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক কাজ আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)