• গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, চার্জশিটে থাকা পার্থ চট্টোপাধ্যায়-সহ ২৪ অভিযুক্তেরই জামিন
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
  • গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে নাম থাকা সকল অভিযুক্তের জামিন মঞ্জুর করল সিবিআই আদালত। আজ, বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ২৪ জনের জামিন মঞ্জুর করে আদালত। এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে (প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট) মামলা করার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি পেয়েছে সিবিআই। সেই সংক্রান্ত নথিও জমা দেওয়া হয়েছে আদালতে। এর ফলে নিয়োগ দুর্নীতিতে যে সমস্ত অভিযুক্ত সরকারি আধিকারিক ছিলেন তাদের বিরুদ্ধে পিসি অ্যাক্ট দিতে আর কোনও বাধা থাকল না। 

    তৃণমূল জমানায় নিয়োগে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। যা নিয়ে একাধিকসময় উত্তাল হয়েছে রাজপথ। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক নেতাকে। তদন্তে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। মোটা অঙ্কের বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এদিন শুনানিতে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা হয় সিবিআইয়ের তরফে। মামলার গুরুত্বের কথা তুলে ধরেন সিবিআইয়ের আইনজীবী।

    আদালত সবপক্ষের বক্তব্য শুনে চার্জশিটে নাম থাকা সমস্ত অভিযুক্তের জামিন দেওয়ার নির্দেশ দেয়। একাধিক শর্তে এই জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এদিন সশরীরে আদালতে হাজির ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। তবে আদালতে তাঁর হয়ে সওয়াল জবাবে অংশ নেন আইনজীবী। অন্যদিকে, খুব শীঘ্রই গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে বলে খবর।
  • Link to this news (প্রতিদিন)