কীভাবে তোলাবাজি? গ্রেপ্তারের ৫৭ দিন পর সব্যসাচী বিরুদ্ধে চার্জশিট পুলিশের, মিলল না জামিনও
প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
তোলাবাজির মামলায় বিধাননগরের প্রাক্তন পুর চেয়ারম্যান তথা নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে ১,৭৩০ পাতার চার্জশিট পেশ করল বিধাননগর থানার পুলিশ। গ্রেপ্তারের ৫৭ দিনের মাথায় বুধবার বারাসত আদালতে চার্জশিট জমা পড়ে। এরপর তাঁর জামিনের আবেদন খারিজ করে আদালত ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ১৭ আগস্ট ফের তাঁকে আদালতে তোলা হবে। একই মামলায় ধৃত বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন।
আদালত সূত্রের খবর, চার্জশিটে তোলাবাজি, অভিযোগকারীদের ভয় দেখানো, হুমকি এবং বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের এক প্রবীণের সম্পত্তি দখলকে কেন্দ্র করে ৪৮ লক্ষ টাকা আদায়ের অভিযোগের উল্লেখ রয়েছে। তদন্তকারীদের দাবি, টাকা সরাসরি অভিযুক্তের হাতে না নিয়ে একজন রিকশাচালক ও এক মুড়ি বিক্রেতার মাধ্যমে দু’দফায় সংগ্রহ করা হয়। মামলায় মোট ৪১ জনকে সাক্ষী দিয়েছেন। সব্যসাচী দত্তের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, তদন্ত শেষ হয়েছে। চার্জশিটও জমা পড়েছে। দীর্ঘদিন হেফাজতে রয়েছেন আমার মক্কেল। তাই উপযুক্ত শর্তে জামিনের আবেদন করেছি। এরপরই জামিনের বিরোধিতা করে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় আদালতে জানান, চার্জশিট জমা পড়লেও বিচারপর্ব শুরু হয়নি। অভিযোগকারীদের একাংশ এখনও আতঙ্কে। এই অবস্থায় জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বলে রাখা প্রয়োজন, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ। পরে মামলায় দুর্নীতি প্রতিরোধ আইনের ধারা যোগ করা হয়। তদন্তে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, লকারে তল্লাশি এবং বিপুল সোনা উদ্ধারের দাবি করেছে পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই আদালতে এই চার্জশিট পেশ করা হয়েছে। অন্যদিকে সব্যাসাচী দত্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও খোঁজখবর নিতে শুরু করেছে। রীতিমতো বিপাকে প্রাক্তন তৃণমূল বিধায়ক। এরমধ্যেই এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ।