• ‘মহিলা না হলে…’, পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি বিধায়কের
    এই সময় | ০৬ আগস্ট ২০২৬
  • আগেই পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের সতর্ক করেছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। আর এ বার এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে হুঁশিয়ারি দিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। নবগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান ‘মহিলা না হলে’ তাঁকে জেল খাটাতেন বলে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বুধবার, হুগলি জেলার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।

    রাস্তা নিয়ে ক্ষোভ

    বুধবার নবগ্রামে গিয়েছিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। সেই সময়ে তাঁকে ঘিরে ক্ষোভ দেখান বাসিন্দারা। রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তা এতটা খানাখন্দে ভরা যে সেখানে পায়ে চলা দায়। এই সঙ্গে নিকাশি এবং বেআইনি নির্মাণ নিয়েও বিস্তর অভিযোগ তাঁদের। এলাকার লোকজন জানান, এই নিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান সোমা দাসকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি।

    প্রধানকে হুঁশিয়ারি

    বাসিন্দাদের কাছে এই অভিযোগ শোনার পরেই পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে বাইরে নিয়ে আসেন উত্তরপাড়ার বিধায়ক। রাস্তার অবস্থা নিজের চোখে দেখতে বলেন। এর পরেই প্রধানকে হুঁশিয়ারি দেন বিধায়ক। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসেই তিনি বলেন, ‘আপনি মহিলা বলে রেয়াত করছি। পুরুষ হলে জেল খাটাতাম।’ আইনের পথে গেলে বা জনরোষ হলে কী হতে পারে তাও প্রধানকে ভেবে দেখার কথা বলেন তিনি।

    বিধায়কের অভিযোগ

    পঞ্চায়েত প্রধান কোনও তথ্যই দেখাতে পারছেন না। কেন রাস্তা সংস্কার হয়নি বলতে পারছেন না। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন বিধায়ক। ওই রাস্তা নিয়ে তিনি বলেন, ‘ চাঁদে যেমন বড় বড় গর্ত রয়েছে নবগ্রামের রাস্তাতেও সে রকম গর্ত। তাই নবগ্রামের রাস্তায় হাঁটলে মনে হয় চাঁদে হাঁটছি।’

    প্রধানের দাবি

    যদিও পঞ্চায়েত প্রধান দাবি করেন, তাঁদের এবং পঞ্চায়েতের সীমিত ক্ষমতায় রাস্তা করা যায়নি। এই নিয়ে জেলা পরিষদকে লেখা হলেও তার উত্তর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

    তবে ওই রাস্তা দ্রুত সারানো হবে বলে আশ্বাস দিয়েছেন বিধায়ক।

    এক নজরে

    FAQ

    কোথায় গিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক?

    বুধবার নবগ্রামে গিয়েছিলেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী।

    কী করেন বাসিন্দারা?

    এলাকার বেহাল রাস্তা নিয়ে তাঁকে ঘিরে ক্ষোভ জানান বাসিন্দারা।

    কী অভিযোগ বিধায়কের?

    পঞ্চায়েত প্রধান কোনও তথ্যই দেখাতে পারছেন না এবং তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন বিধায়ক।

    কী দাবি পঞ্চায়েত প্রধানের?

    রাস্তা সংস্কার করার জন্য জেলা পরিষদে জানানো হলেও কোনও উত্তর আসেনি বলে দাবি প্রধানের।

    কী হুঁশিয়ারি দেন তিনি?

    পঞ্চায়েত প্রধান মহিলা না হলে তাঁকে রেয়াত করতেন না এবং জেল খাটাতেন বলে হুঁশিয়ারি দেন উত্তরপাড়ার বিধায়ক।

  • Link to this news (এই সময়)