• অগস্টের অন্নপূর্ণার ভাতা এ মাসেই, আশ্বাস মন্ত্রীর
    এই সময় | ০৬ আগস্ট ২০২৬
  • এই সময়: অগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি উপভোক্তারা। নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায় বুধবার জানালেন, অগস্টের ভাতার টাকা এ মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন উপভোক্তারা।

    তিনি জানান, প্রযুক্তিগত এবং উপভোক্তার যোগ্যতা যাচাইয়ে কিছু জটিলতার কারণে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে দেরি হচ্ছে। সে সব মিটিয়ে যত দ্রুত সম্ভব উপভোক্তাদের ভাতার টাকা দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বুধবার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নারী ক্ষমতায়ন নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করেছিল। সেখানেই মালতী সাংবাদিকদের অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা ট্রান্সফারের বিষয়ে বলেন।

    নবান্ন সূত্রে খবর, অন্নপূর্ণা যোজনায় বহু আবেদনই অনলাইনে জমা পড়েছিল। অনেক ক্ষেত্রে সেগুলি ভালোভাবে যাচাই করা যায়নি। তার ফলে এমন অনেকেই ভাতার টাকা পেয়ে গিয়েছেন, যাঁরা এই প্রকল্পে উপভোক্তা হওয়ার যোগ্য নন। আপাতত সেই আবেদনপত্রগুলি ভালো করে যাচাই চলছে। আবার নতুন বহু আবেদন পড়ে রয়েছে। সেগুলিও যাচাই করতে হচ্ছে।

    এই ঝাড়াই বাছাইয়ের জন্য কিছুটা সময় যাচ্ছে। সেগুলি না মিটলে উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতার টাকা ট্রান্সফার করা যাচ্ছে না। তবে তা অচিরেই মিটে যাবে।

    এক নজরে

    FAQ

    অগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা কবে পাওয়া যাবে?

    নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় আশ্বাস দিয়েছেন যে, চলতি মাসের মধ্যেই অগস্টের ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

    অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হচ্ছে কেন?

    প্রযুক্তিগত সমস্যা এবং আবেদনকারীদের যোগ্যতা সঠিকভাবে যাচাই করার জন্য যে সময় লাগছে, মূলত তার জন্যই টাকা পাঠাতে দেরি হচ্ছে।

    নতুন করে উপভোক্তাদের যোগ্যতা যাচাইয়ের প্রয়োজন পড়ল কেন?

    নবান্ন সূত্রে খবর, আগে অনলাইনে জমা পড়া আবেদনগুলি ভালোভাবে যাচাই না হওয়ায় অনেক অযোগ্য ব্যক্তিও ভাতার টাকা পেয়ে যাচ্ছিলেন। প্রকৃত উপভোক্তাদের কাছেই যাতে টাকা পৌঁছায়, তা নিশ্চিত করতেই এখন কড়া ঝাড়াই-বাছাই চলছে।

    মন্ত্রী মালতী রাভা রায় কোথায় এই ঘোষণা করেছেন?

    মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত নারী ক্ষমতায়ন নিয়ে একটি আলোচনাসভায় উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

  • Link to this news (এই সময়)