মালদায় ফের বিপুল পরিমাণ টাকা উদ্ধার। এ বার গাজোল থানার রাঙাভিটা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময়ে দু’টি মোটরসাইকেলে থাকা দুই যুবককে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়েছে।
রাজ্যে পুনর্গঠিত হলো ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, West Bengal Clinical Establishments (Registration, Regulation and Transparency) Act, 2017-এর ৩৬ নম্বর ধারার অধীনে নতুন করে কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে কমিশনের চেয়ারপার্সন এবং আইএএস অফিসার মৌমিতা গোদারা বসুকে ভাইস-চেয়ারপার্সন করা হয়েছে।
অসমের বন্যায় মৃতের সংখ্য়া বেড়ে ৯৫। ১৪ জেলায় হাই অ্য়ালার্ট জারি করেছে প্রশাসন। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ শিবসাগর জেলায়। রাজ্যের ৫৬৩ গ্রামের ১ লক্ষ ৬০ হাজার মানুষ গৃহহীন। শিবসাগর, গোলাঘাট, জোরহাট ইত্য়াদি জেলা থেকে প্রতিনিয়ত বন্যা কবলিত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
পুঁতে রাখা ল্য়ান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে জম্মু-কাশ্মীরে গুরুতর জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান। বুধবার রাতে পুঞ্চের মেনধার সেক্টরের ঘটনা। যে এলাকায় মাইন ফাটে তা সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে কঙ্গা গলিতে। দুই জওয়ানকে বুধবার রাতেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেনাবাহিনীর একটি সূত্রে খবর, জঙ্গিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে না পারে সেই কারণে জওয়ানরাই নিয়ন্ত্রণ রেখা বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন পুঁতে রাখেন। বৃষ্টি ও ধসের কারণে সেই সব মাইনের একাংশ মাটির তলা থেকে অন্যত্র সরে যায়। সেই কারণে, সেনাবাহিনীর জওয়ানদের রুটিন মাফিক সেই সব মাইন নিষ্ক্রিয় করতে হয়। বুধবার রাতে সেই কাজে গিয়েই জখম হন ওই দুই জওয়ান।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে সরে আসায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে সাধারণ নাগরিকদের উপর দমন-পীড়ন ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইংল্যান্ডের বার্ডফোর্ডে পাকিস্তানি দূতাবাসের বাইরে চলছে প্রতিবাদ-বিক্ষোভ।