• বাজ পড়ার আতঙ্কে নদীতে ঝাঁপ, নিখোঁজ মৎস্যজীবী
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের জেরে ফের মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির মধ্যে হুগলি নদীতে মাছ ধরছিলেন মৎস্যজীবীদের। ঠিক সেই সময়ে নৌকার কাছেই বাজ পড়ে। প্রাণ বাঁচাতে হঠাৎ নদীতে ঝাঁপ দেন তিন মৎস্যজীবী। তাঁদের মধ্যে দু'জনকে উদ্ধার করা সম্ভব হলেও হুগলি নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যান এক মৎস্যজীবী। বুধবার বিকেলে ডায়মন্ড হারবারের রায়চক সংলগ্ন হুগলি নদীতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম নাজমুল মোল্লা (৩৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার শিমুলবেড়িয়া এলাকার বাসিন্দা। প্রতিদিনের মতো এদিনও আরও দুই সঙ্গীকে নিয়ে নৌকায় করে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। 

    স্থানীয় সূত্রে খবর, বিকেলের দিকে আচমকাই আবহাওয়ার পরিবর্তন ঘটে। আকাশ কালো করে নামে প্রবল বৃষ্টি, সঙ্গে ঘনঘন বাজ পড়তে শুরু করে। সেই সময় নৌকার একেবারে কাছেই বিকট শব্দে বাজ পড়ে। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিন মৎস্যজীবীই প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। 

    ঘটনাটি দেখতে পেয়ে কাছাকাছি মাছ ধরছিলেন এমন কয়েকজন মৎস্যজীবী দ্রুত তাঁদের নৌকা নিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ চেষ্টার পর দুই মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও নাজমুল মোল্লাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রবল স্রোতে তিনি তলিয়ে যান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

    খবর পেয়ে রামনগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও সিভিল ডিফেন্স কর্মীদের নিয়ে তল্লাশি অভিযান শুরু করে। নদীর বিস্তীর্ণ এলাকায় নৌকা নিয়ে অনুসন্ধান চালানো হলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত নাজমুল মোল্লার কোনও সন্ধান মেলেনি। 

    এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীর স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তল্লাশিতে কিছুটা অসুবিধা হলেও সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। 

    বর্ষাকালে বজ্রপাত ও খারাপ আবহাওয়ার মধ্যে নদীতে মাছ ধরতে গিয়ে এমন দুর্ঘটনার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। প্রশাসনের তরফে আবহাওয়ার সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হলেও জীবিকার তাগিদে বহু মৎস্যজীবীকে প্রতিকূল পরিস্থিতিতেও নদীতে নামতে হয়। সেই বাস্তবতারই আর এক মর্মান্তিক উদাহরণ হয়ে রইল এই ঘটনা।
  • Link to this news (আজকাল)