• বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি, আহত এক পরিবারের ৭
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ। কেঁপে উঠল মালদহের কালিয়াচক। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের চারজন নাবালক-সহ সাতজন।

    ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। কালিয়াচকের সুজাপুর বালুপুর বাগানবাড়ি এলাকায় এক গৃহস্থের বাড়ি বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে l আর বিস্ফোরণ থেকেই আগুনে ঝলসে গুরুতর জখম হলেন চার নাবালক-সহ মোট সাতজন। 

    স্থানীয়রা আহতদের প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তারপর রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের ঘটনার বিষয়টি জানাজানি হতেই কালিচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যদিও স্থানীয়দের দাবি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েই এই অগ্নিকাণ্ড ঘটনায় ঘটেছে। আর তাতেই আহত হয়েছেন এক পরিবারের সাতজন সদস্য। 

    এই বিস্ফোরণের ঘটনা ঘিরেই শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আখিরুল ইসললের বাড়িতেই এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল আশেপাশের টালির বাড়িগুলোও কেঁপে ওঠে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই বিস্ফোরণের কারণটি খতিয়ে দেখছে। রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ না কি বোমা বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। 

    দিন কয়েক আগেই আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বাংলায়। স্পঞ্জ আয়রন কারখানার ফার্নেসে ভয়াবহ বিস্ফোরণ। তপ্ত লোহায় ঝলসে জখম হন তিন শ্রমিক। ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানের পালিতপুর শিল্পতালুকের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। ওই কারখানার ফার্নেস বিস্ফোরণে গুরুতর জখম হন অন্তত তিনজন শ্রমিক। এই দুর্ঘটনায় শিল্পাঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহতদের মধ্যে পঙ্কজ যাদব ও উমেশ যাদবকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
  • Link to this news (আজকাল)