• 'বাংলার বাড়ি' এ বার 'পশ্চিমবঙ্গ আবাস', আজ থেকে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে, কারা পাবেন না?
    আজ তক | ০৬ আগস্ট ২০২৬
  • 'বাংলার বাড়ি' প্রকল্পের নাম বদলে দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এখন এই প্রকল্পের নাম  এখন 'পশ্চিমবঙ্গ আবাস'। নাম বদলের পরেই এই সরকারি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আজ অর্থাত্‍ ৬ অগাস্ট থেকে দেওয়া শুরু করে দিচ্ছে রাজ্য সরকার। দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ১০ লক্ষ পরিবার।

    পশ্চিমবঙ্গ আবাস যোজনায় ১০ লক্ষ পরিবার পাবেন দ্বিতীয় কিস্তি

    রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গ আবাস যোজনায় ১০ লক্ষ পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা নবান্ন সভাঘরে আনুষ্ঠানিক ভাবে অ্যাকাউন্ট পাঠানো শুরু করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত তৃণমূল সরকারের আমলের ১৮ লক্ষ পরিবারের মধ্যেই এই কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা বিধানসভা নির্বাচনের আগে গত এপ্রিলে ছাড়া হয়েছিল। তারপর থেকে বাকি ছিল দ্বিতীয় কিস্তির টাকা। আজ থেকে দ্বিতীয় কিস্তির টাকাও অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।

    লিন্টেল স্তর পর্যন্ত বাড়ির কাজ শেষ হতে হবে

    ওই আধিকারিকের কথায়, 'আবাস যোজনায় প্রাপকদের নতুন করে ভেরিফিকেশন করা হয়েছে। তারপর সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন নামে ওই প্রকল্প চালু থাকবে। দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে সরকার বিস্তারিত যাচাই পর্ব চালিয়েছে।' সংবাদ সংস্থা PTI-এর খবর অনুযায়ী, 'প্রথম কিস্তির টাকা ব্যবহার করে যাঁরা লিন্টেল স্তর পর্যন্ত বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ করেছেন, শুধুমাত্র তাঁদেরই দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। আমরা নিশ্চিত করতে চেয়েছি, প্রকল্পের প্রতিটি টাকা যেন প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছায় এবং প্রকল্পের নির্দেশিকা যেন অক্ষরে অক্ষরে মেনে চলা হয়।'

    ১০ লক্ষ পরিবার লিন্টেল স্তর পর্যন্ত বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ করেছেন

    পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথনের নেতৃত্বে একটি সার্ভে হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রথম কিস্তিতে পাওয়া ১৮ লক্ষ পরিবারের মধ্যে ১০ লক্ষ পরিবার লিন্টেল স্তর পর্যন্ত বাড়ির নির্মাণকাজ সম্পূর্ণ করেছেন, তাঁদেরকেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হচ্ছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, আবাসন প্রকল্পে অতীতে ভুয়ো এবং অযোগ্য উপভোক্তাদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ ওঠায় নতুন করে এই যাচাই প্রক্রিয়া চালানো হয়। প্রায় ৮ লক্ষ উপভোক্তা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য হননি, কারণ তাঁরা এখনও বাড়ির নির্মাণকাজ লিন্টেল স্তর পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি। তবে তাঁর দাবি, যাচাই-বাছাইয়ের সময় কিছু নাম তালিকা থেকে বাদ পড়ায়, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় থাকা প্রকৃত উপভোক্তার সংখ্যা বাস্তবে এর চেয়ে কিছুটা কম হতে পারে।

    'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র পাশাপাশি 'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্প চালু থাকছে। এই প্রকল্পের অর্থ সম্পূর্ণ বহন করবে রাজ্য সরকার।
  • Link to this news (আজ তক)