বিকট শব্দে কাঁপল সুজাপুর! সিলিন্ডার বিস্ফোরণে ছাই ঘরবাড়ি, ৪ শিশু-সহ দগ্ধ ৭
News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
: গ্যাস সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক ছড়াল মালদহের কালিয়াচক-১ ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের বালুপুর বাগানপাড়া এলাকায়। বুধবার সন্ধ্যায় আখিরুল নামে এক ব্যক্তির বাড়িতে আচমকাই একটি রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় মোট সাতজন দগ্ধ হন। তাঁদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন, যার মধ্যে তিনজন শিশু। এছাড়াও পাশের বাড়ির আরও দুইজন আহত হন। সব মিলিয়ে আহতদের মধ্যে চারজনই শিশু। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি স্থানীয়দের। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে প্রথমে সুজাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর একই পরিবারের গুরুতর আহত এক দম্পতি ও তাঁদের তিন সন্তানকে উন্নত চিকিৎসার জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকি আহতদেরও চিকিৎসা চলছে।
চিকিৎসকদের তত্ত্বাবধানে সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও গ্যাস লিকেজ, রেগুলেটরের ত্রুটি বা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রান্নার গ্যাস ব্যবহারে আরও সতর্কতা এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের রিপোর্ট হাতে এলেই বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।