বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ জুড়ে আজ অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। কলকাতা-সহ ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতি, শুক্র, শনিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর থেকে ডালটনগঞ্জ, কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকা, অসমে রয়েছে দু’টি ঘূর্ণাবর্ত। তার জেরে দক্ষিণবঙ্গজুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ ৩ জেলাতে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কা। কলকাতা-সহ সাত জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি। সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলুদ সর্তকতা সব জেলাতে। আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সারাদিনে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। আগামিকাল শুক্রবার ও শনিবার বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বুধবার কলকাতায় বৃষ্টি হয়েছে ৬৬ মিলিমিটার।
অন্যদিকে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কমবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছেই। শুক্রবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার কোনও সতর্কতাই থাকবে না উত্তরবঙ্গে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।