• এক সঙ্গে ৮ জন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট, রইল নামের তালিকা...
    এই সময় | ০৬ আগস্ট ২০২৬
  • এক সঙ্গে আট নতুন বিচারপতি নিয়োগ হচ্ছে কলকাতা হাইকোর্টে। গত দু’দশকের বেশি সময়ে কলকাতা হাইকোর্টে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি। গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি পদের জন্য হাইকোর্টের নয় আইনজীবীর নাম সুপারিশ করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে। তাদের মধ্যে আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগের সবুজ সঙ্কেত দিল রাষ্ট্রপতি ভবন। সম্ভবত আগামী মঙ্গলবার নতুন বিচারপতিরা শপথ নেবেন। এর ফলে কলকাতা হাইকোর্টের বিচারপতির শূন্য পদের সংখ্যা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

    বিচারপতি হিসেবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় ও রিশাদ মেদোরা। নতুন বিচারপতিরা শপথ নিলে কলকাতা হাইকোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯ জন। যদিও কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা।

    কলকাতা হাইকোর্টে দ্রুত বিচারপতি নিয়োগের জন্য সবদিক থেকেই দরবার চলছে। কারণ এক সময়ে আন্দামান সার্কিট বেঞ্চ চললেও, পরে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ শুরু হয়েছে। এখন সেই সার্কিট বেঞ্চ নিয়মিত চলে। সেখানে চার জন করে বিচারপতিকে নিয়মিত ১৫ দিনের জন্য যেতে হচ্ছে। একই ভাবে বিচারপতিদের পাঠাতে হচ্ছে পোর্ট ব্লেয়ারেও।

  • Link to this news (এই সময়)