প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের আওতায় বসিরহাটের আন্দুলপোতায় গড়ে উঠেছে মাছের খাবার তৈরির একটি আধুনিক কারখানা। এই উদ্যোগের ফলে এলাকার মাছ চাষিরা কম খরচে উন্নতমানের মাছের খাবার পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। সরকারি উদ্যোগে তৈরি এই কারখানায় অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উন্নত মানের মাছের খাবার উৎপাদন করা হচ্ছে। মাছের সঠিক বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় গুণগত মান বজায় রেখেই খাদ্য প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হল মাছ চাষিদের উৎপাদন খরচ কমানো এবং সহজে মানসম্মত মাছের খাবার পৌঁছে দেওয়া। এতদিন বাজার থেকে তুলনামূলক বেশি দামে মাছের খাবার কিনতে হলেও, এবার সরকারি প্রকল্পের মাধ্যমে অনেক কম খরচে সেই সুবিধা মিলবে।
তবে এই সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট মূল সংস্থার অধীনে নাম নথিভুক্ত বা নিবন্ধিত থাকতে হবে। নিবন্ধিত মাছ চাষিরাই নির্ধারিত নিয়ম অনুযায়ী এই কারখানা থেকে স্বল্প মূল্যে মাছের খাবার সংগ্রহ করতে পারবেন। স্থানীয় সূত্রের দাবি, এই উদ্যোগের ফলে বসিরহাটের আন্দুলপোতা ও আশপাশের এলাকার প্রায় দেড় হাজার মাছ চাষি সরাসরি উপকৃত হবেন। উৎপাদন ব্যয় কমার পাশাপাশি মাছ চাষে লাভের সম্ভাবনাও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।
মৎস্য চাষকে আরও লাভজনক ও আধুনিক করে তুলতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের। এর ফলে স্থানীয় মৎস্যচাষের পরিকাঠামো আরও শক্তিশালী হবে এবং মাছ চাষিদের আর্থিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।