• রাস্তা আটকে ছাত্রীদের হাত ধরে টানাটানি...! বাসন্তী-বারুইপুরে বিরাট সবক শেখাল পুলিশ! জালে ৭
    News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
  • : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও বারুইপুরে পৃথক দুটি ঘটনায় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে মোট সাতজনকে আটক করেছে পুলিশ। বাসন্তীতে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বারুইপুরে এক সপ্তম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে দুই নাবালককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর একটি গার্লস স্কুলে বুধবার টেস্ট পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে ছাত্রীরা বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে আসা পাঁচ যুবক স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের উদ্দেশে কটূক্তি, কু-ইঙ্গিত ও অশালীন আচরণ করতে শুরু করে।

    প্রথমে ভয় পেলেও পরে ছাত্রীরা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানায়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ তল্লাশি চালিয়ে পালানোর সময় পাঁচ অভিযুক্তকে আটক করে। তাদের ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশি জেরায় জানা গিয়েছে, ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসত ও মালঞ্চ এলাকায়। তারা বাসন্তীতে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। সেখান থেকে ফেরার পথে স্কুলছাত্রীদের দেখে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদের আলিপুর আদালতে তোলা হয়।

    অন্যদিকে, বারুইপুরে ছোট ভাইকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে এক সপ্তম শ্রেণির ছাত্রীর পথ আটকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুই নাবালকের বিরুদ্ধে। অভিযোগ, তারা ছাত্রীর পিছু নিয়ে তার নাম ও ফোন নম্বর জানতে চায় এবং প্রকাশ্য রাস্তায় অশালীন আচরণ করে। পরে হাত ধরে টানাটানির পাশাপাশি জোর করে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ।

    নাবালিকার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে একজনকে ধরে ফেলেন। পরে ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ পলাতক অপর নাবালককেও আটক করে। দুই নাবালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ছাত্রীর মা বলেন, “প্রকাশ্য রাস্তায় যেভাবে আমার মেয়ের সঙ্গে হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানি করা হয়েছে, তার উপযুক্ত শাস্তি চাই। যাতে ভবিষ্যতে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।”
  • Link to this news (News18 বাংলা)