• নতুন রেগুলেটরি কমিশন গঠন! নয়া চেয়ারম্যান কে?
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলির পরিষেবা, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ আরও উন্নত করতে পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন পুনর্গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। 

    পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (নিবন্ধন, নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা) আইন, ২০১৭-এর ধারা ৩৬ অনুযায়ী রাজ্যপাল নতুন কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন। এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। 

    নবগঠিত কমিশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পেয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। ভাইস চেয়ারপার্সন করা হয়েছে আইএএস আধিকারিক মৌমিতা গোদারা বসুকে। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক (ড.) সুভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক (ড.) সুশান্ত কুমার বন্দ্যোপাধ্যায়, ডা. নারায়ণ ব্যানার্জি, ডা. সন্দীপ রায়, ডা. সরূপ প্রসাদ ঘোষ, ডা. নারায়ণ চক্রবর্তী, ডা. ধনপত রাম আগরওয়াল, ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশন, অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক গৌতম মোহন চক্রবর্তী, ডা. মধুমিতা দুবে এবং ডা. শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়।  

    সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশন পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস (নিবন্ধন, নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা) আইন, ২০১৭ অনুযায়ী তার উপর অর্পিত সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে এবং নির্ধারিত দায়িত্ব পালন করবে। হাসপাতাল ও ক্লিনিক সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি, পরিষেবার মান বজায় রাখা, রোগীর অধিকার রক্ষা এবং স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রেও কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

    রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নজরদারি আরও জোরদার হবে এবং রোগী স্বার্থ রক্ষায় কমিশনের ভূমিকা আরও সক্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)