• কানে স্পষ্ট পোড়া দাগ, ক্ষেতের মাঝে ওটা কী পড়ে আছে!
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চাষের জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুনো হাতির মৃত্যু। চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের ফালাকাটায়। বৃহস্পতিবার সকালে ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হরিমন্দির এলাকায় একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির দেহ উদ্ধার হয়। 

    বন দপ্তরের প্রাথমিক অনুমান, ক্ষেতের বিপজ্জনক ফেন্সিং তারে বিদ্যুৎ সংযোগের জেরেই মৃত্যু হয়েছে হাতিটির। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে মাদারিহাট রেঞ্জের দক্ষিণ খয়েরবাড়ি বিটের জঙ্গল থেকে একদল বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ে। 

    ভোরের দিকে অন্য হাতিগুলি জঙ্গলে ফিরে গেলেও, এই হাতিটি ফিরতে পারেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানখেতের পাশে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ খয়েরবাড়ি বিট ও মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।

    মৃত হাতির কানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট দাগ মিলেছে। ফসল বাঁচাতে চাষিদের বেআইনি বিদ্যুৎ সংযোগের জেরেই এই দুর্ঘটনা বলে গ্রামবাসীদের অভিযোগ। ঘটনাস্থল থেকে বাঁশের খুঁটি ও বিদ্যুতবাহী তার বাজেয়াপ্ত করেছে বন দপ্তর।

    ঘটনার পর থেকেই অভিযুক্ত ক্ষেতের মালিক পলাতক। বন দপ্তর জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। 

    প্রসঙ্গত, গত ১৭ জুন শালকুমারহাটের কলাবাড়িয়া গ্রামেও একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়েছিল।
  • Link to this news (আজকাল)