আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু! কোচিং শিক্ষকের সঙ্গে বেলুড়মঠ ভ্রমণে গেছিল। বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার। মর্মান্তিক এই ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে পরিবার ও গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম পরমব্রত মণ্ডল (১৭)। সে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
বুধবার কোচিং শিক্ষক ও কয়েকজন সহপাঠীর সঙ্গে পরমব্রত বেলুড়মঠ বেড়াতে যায়। সারাদিন সেখানে কাটিয়ে রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা বেলুড় স্টেশন থেকে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে ওঠে। ট্রেনটি বর্ধমানের গাঙ্গপুর বড়কা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছতেই আচমকাই চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায় পরমব্রত।
স্থানীয় সূত্রে খবর, গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে জিআরপি ও রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কীভাবে ওই কিশোর চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখতে জিআরপি তদন্ত শুরু করেছে। সহপাঠী ও কোচিং শিক্ষকের কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই আকস্মিক ঘটনায় পরমব্রতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীও এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।