• ঝড়-বৃষ্টির রাতে সরকারি স্কুলে হামলা, টাকার সঙ্গে 'ধুরন্ধর' চোরের দল নিয়ে গেল প্রমাণও
    News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
  • প্রাকৃতিক দুর্যোগের অন্ধকার ও জনশূন্যতার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা পটাশপুর-২ ব্লকের পঁচেটগড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। অত্যন্ত পরিকল্পিতভাবে একাধিক ঘরের ও আলমারির তালা ভেঙে তারা লুঠপাট চালায়। দুষ্কৃতীদের এই দুঃসাহসিক অপারেশনে বিদ্যালয় থেকে খোয়া গিয়েছে বেশ কিছু নগদ অর্থ, স্কুলের বহু গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্র। এছাড়াও প্রমাণ লোপাটের উদ্দেশ্যে চুরি করা হয়েছে সিসিটিভির হার্ডডিস্ক। এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই ওই এলাকার শিক্ষানুরাগী মানুষজন ও সাধারণ গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    চুরির এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে বৃহস্পতিবার সকালে। প্রতিদিনের মত এদিন সকালেও বিদ্যালয়ের পিয়ন এবং স্কুলের করণিক পবিত্র মোহন দাস অধিকারী নির্দিষ্ট সময়ে স্কুল খুলতে আসেন। কিন্তু বিদ্যালয়ের মূল গেটের সামনে গিয়েই তাঁরা অবাক হয়ে যান। তাঁরা দেখতে পান, মেন গেটের মজবুত তালাটি অত্যন্ত সুকৌশলে কাটা অবস্থায় পড়ে রয়েছে। পরিস্থিতি বেগতিক বুঝে এবং বড়সড় কোনও বিপদের সন্দেহ হওয়ায় তাঁরা আর একা ভিতরে প্রবেশ করার সাহস দেখাননি। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় কয়েকজন বাসিন্দাকে সেখানে ডেকে আনেন। এরপর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করা হয়।

    সেখানে ঢুকতেই চুরির আসল ভয়াবহতা তাঁদের চোখে পড়ে। তাঁরা দেখেন, প্রধান শিক্ষকের নিজস্ব কক্ষ, স্টাফ রুম এবং একাধিক অফিস ঘরের দরজা ও আলমারির তালা সম্পূর্ণ ভাঙা। সারা ঘরময় গুরুত্বপূর্ণ সব নথিপত্র এবং স্কুলের খাতাপত্র যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। বিষয়টি প্রধান শিক্ষক সহ অন্যান্য সমস্ত শিক্ষকদের জানানো হয়। খবর পেয়ে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা দ্রুত স্কুলে ছুটে আসেন। কালবিলম্ব না করে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে পটাশপুর থানায় জানান হয়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই পটাশপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং চুরির ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশের অনুমান ঝড় বৃষ্টির দুর্যোগের রাতকে কাজে লাগিয়েছে নিশিকুটুম্বের দল।

    বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে, দুষ্কৃতীরা অফিস কক্ষের একাধিক আলমারি ভেঙে নগদ আনুমানিক চল্লিশ হাজার টাকা লুঠ করেছে। এছাড়া, বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিপত্রও উধাও হয়ে গিয়েছে। চোরেরা নিজেদের পরিচয় গোপন রাখতে  স্কুলের সিসি ক্যামেরার হার্ডডিস্ক পর্যন্ত খুলে নিয়ে পালিয়েছে। যার ফলে তদন্তের কাজ বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পঁচেটগড় উচ্চমাধ্যমিক বিদ্যালয় পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন, স্বনামধন্য এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্কুলে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এমনকী পাশে আরও একটি স্কুলেও একইদিনে চুরির ঘটনা সামনে এসেছে বলে খবর।
  • Link to this news (News18 বাংলা)