কখনও সাংবাদিক সেজে। কখনও আবার রেল বা ব্যাঙ্কের পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। বুবাই দাস নামে এক যুবকের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ‘জনতার দরবার’ কর্মসূচিতে হাজির পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা মাসুমা বেগম। তার ভিত্তিতে থানাতেও লিখিত অভিযোগ জমা পড়েছে। তদন্তও শুরু করেছে পুলিশ।
বুধবার জেলা পরিষদের জনতার দরবারে গিয়ে মাসুমা জানান, কয়েক মাস আগে তাঁর স্বামীর সূত্রে বুবাই নামে ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে ওই যুবক নিজেকে একটি ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক বলে পরিচয় দিয়েছিলেন। পরে তিনি কখনও রেলের রিক্রুটমেন্ট বোর্ডের সিইও, কখনও ব্যাঙ্কের ম্যানেজার, আবার কখনও প্রভাবশালী সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তর, রেল এবং ব্যাঙ্কে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়েছেন অভিযোগ করেন মাসুমা।
মাসুমার আরও অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে ফোনপে এবং নগদে প্রায় ৩০ লক্ষ টাকা নেন বুবাই। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও, কারও চাকরি হয়নি। টাকা ফেরত চাইলে দিনের পর দিন নানা অজুহাত দিয়েছেন। সেই সঙ্গে কখনও কখনও হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে মাসুমা। জেলা সভাধিপতি বামদেব গুছাইত তাঁর অভিযোগ শোনার পরে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপারকে এ বিষয়ে পদক্ষেপ করতে বলেন।
পরে পুলিশেও অভিযোগ দায়ের করেন মাসুমা। অভিযোগে জানান, বুবাই কোলাঘাট থানা এলাকার দেউলিয়া এবং পাঁশকুড়া থানা এলাকার মেচগ্রামে অফিস খুলেছিলেন। তবে সম্প্রতি তিনি দু’টি অফিসই বন্ধ করে দিয়েছেন। বুবাইয়ের সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। ফোন বন্ধ ছিল।