Big Breaking: ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে পাকড়াও সরকারি অফিসার। সেটাও আবার খোদ বিডিও অফিসে। ঝাড়গ্রামের জামবনি বিডিও অফিসে ঘুষ নেওয়ার সময়ে দুর্নীতি দমন শাখার (Anti-Corruption Bruch) হাতে ধরা পড়লেন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অভিযুক্ত ইঞ্জিনিয়ারের নাম বিমল সাহা। বৃহস্পতিবারের ঘটনা।
অভিযুক্ত বিমল সাহা রুরাল ওয়ার্ক প্রজেক্ট ডিপার্টমেন্ট এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ACB-র একটি টিম পৌঁছয় জামবনি বিডিও অফিস চত্বরে। টোপ ফেলে এই সরকারি অফিসারকে ধরা হয়েছে বলে সূত্রের খবর। সাব-হেলথ সেন্টার তৈরি করেছিলেন এক সাব-কন্ট্রাক্টর, তাঁর পাওনার বিল পাশ করার জন্য ২ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন এই বিমল সাহা। সেই টাকা হাত পেতে নেওয়ার সময়ে তাঁকে হাতেনাতে ধরে দুর্নীতি দমন শাখা।
টাকা হাতে তোলার পরেই বিমল সাহাকে ধরে ফেলেন অফিসারেরা। তারপরে বিমলের হাত ধরে জলে ডোবানো হয়। টাকার গায়ে বিশেষ পাউডার লাগানো ছিল, সেই পাউডার বিমলের হাতে লেগে যায়। জলে হাত দিতেই জলের রং পাল্টে হয়ে যায় গাঢ় গোলাপি। মাস ৬ আগেই বদলি হয়ে জামবনিতে এসেছিলেনন বিমল। তাঁর বাড়ি বোলপুরে।