কয়েকদিন আগেই নিট কেলেঙ্কারি নিয়ে জেন-জ়ি পড়ুয়াদের আন্দোলনে তোলপাড় হয়েছিল দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। ওই আন্দোলন সামাল দিতে দফায় দফায় মিটিং করতে হয়েছে কেন্দ্রীয় সরকারের শীর্ষস্তরীর মন্ত্রীদের। এ বার জেন-জ়ি-দের নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে মোহন ভাগবত জেন জ়ি প্রজন্মের কথা বলতে গিয়ে তুলনা করেন পুরোনো প্রজন্মের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা যখন এই জেন জ়ি-দের বয়সে ছিলাম। আমরা বড়দের কথা শুনতাম, কখনও প্রশ্ন করতাম না। এখন জেন জ়ি যুক্তিগ্রাহ্য উত্তর শুনতে চায়।’ এখানেই শেষ নয়, জেন জ়ি এবং জেন আলফাকে ‘Honest Generation’ বলেও অভিহিত করেছেন তিনি।
দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনে কড়া পুলিশি পদক্ষেপ, লাঠিচার্জ এবং পেলেট গানের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে গোড়া থেকেই। এ বার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ আরএসএস প্রধান মোহন ভাগবত। কেন লাঠিচার্জ করা হয়েছে এবং পেলেট গান ব্যবহার করা হয়েছে, তা তিনি জানেন না বলে জানিয়েছেন। আন্দোলনের সময়ে প্রতিবাগী ও পুলিশের মধ্যে কী হয়েছিল, তা তিনি জানেন না বলে জানিয়েছেন ভাগবত। কিন্তু তার সঙ্গেই তাঁর উক্তি, ‘আমি জেন জ়ি-কে চোখ বন্ধ করে বিশ্বাস করি।’ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে তাঁর বার্তা, সিস্টেম সংক্রান্ত বদল চেয়ে আন্দোলন করা প্রতিটি পড়ুয়ারা অধিকার।
জেন জ়ি-র মতামতকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘যদি তরুণেরা চিৎকার করেন, তাহলে আমাদের বুঝতে হবে সেটা বিরোধিতার জন্য নয়, উন্নতির জন্য।’ দিল্লিতে চলা জেন জ়ি পড়ুয়াদের আন্দোলনকে নানা সময় দেশবিরোধী বা অ্যান্টি ন্যাশনাল তকমা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই তকমার বিরোধিতা করেছেন মোহন ভাগবত। তাঁর মন্তব্য, ‘সহমর্মিতা এবং বোঝাপড়া প্রয়োজন। এই সময়ের প্রজন্ম সবচেয়ে সৎ প্রজন্ম। তাঁদের কথা শোনা উচিত।’
শিক্ষা নিয়েও মুখ খুলেছেন তিনি। শিক্ষাক্ষেত্রে বেড়ে চলা খরচ নিয়ে তাঁর মত, ‘শিক্ষা কোনও ব্যবসা নয়। শিক্ষার জন্য আর্থিক বোঝা অনেক বেড়ে যাচ্ছে। আমাদের নজর রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে।’ তবে শিক্ষার উন্নতি শুধুমাত্র সরকারের দায় নয় বলেও মন্তব্য তাঁর।