অনেকে আবেদন করেও অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাননি। সেজন্য ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। লক্ষ্মীর ভাণ্ডার তাঁদের অ্যাকাউন্টে এলেও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে আসছে না কেন,সেই প্রশ্নও তুলেছেন অনেকে। সেই সব প্রশ্নের উত্তর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি জানান, চলতি মাসের ১৭ তারিখ অ্য়াকাউন্টে টাকা ঢুকে যাবে। ১০ অগাস্ট সাংবাদিক বৈঠক করবেন তিনি। তখনই জানিয়ে দেবেন অন্নপূর্ণা যোজনার জন্য কারা কারা বিবেচিত হবেন। নিয়ম মেনেই টাকা দেওয়া হবে। বিজেপির যে সংকল্পপত্র ছিল, সেই মোতাবেক টাকা পাবেন মহিলা। অর্থাৎ মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, যাঁরা আবেদন করেছেন বা এখনও টাকা পাননি তাঁরা কেন পাননি বা কী কী শর্ত রয়ছে সেগুলি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সরকারের তরফে।
মুখ্যমন্ত্রী আরও জানান, এই সরকারের বয়স মাত্র তিন মাস। এত বড় কর্মকাণ্ড বা প্রকল্পকে দুর্নীতিমুক্ত করে যোগ্যদের দেওয়ার জন্য নূন্যতম সময় লাগবে। আর সেই সময়টুকুই সরকার নিয়েছে।
চলতি মাসে ১৭ তারিখ টাকা দেওয়া হলেও সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে চলে যাবে। তাঁর কথায়, 'এই মাসে ১৭ তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা গেলেও পরের মাস থেকে যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন দ্বিতীয় সপ্তাহে মহিলারা টাকা পেয়ে যাবেন।'
অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকে মিথ্যা তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু। তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি। তিনি সাফ জানান, 'অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছেন,রিল বানাচ্ছেন। আমাদের সোশ্যাল মিডিয়া টিম কড়া নজর রাখছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমাদের রাজ্যের মহিলাদের কাজ নেই। বাড়িতে পরিযায়ী শ্রমিক। বিজেপি টাকা দেবে। যাঁরা যোগ্য নিশ্চয় পাবেন। যাঁরা বিজেপিকে ভোট দেননি, তাঁরাই এগুলি করছেন। নূর আলম ও মেহবুব আপনারা মহিলাদের নিয়ে রিল করাচ্ছেন। আপনারা ভাবছেন, পার পেয়ে যাবেন। এসব করে কিছু হবে না। এখানে বিজেপি ১০০ বছর থাকবে। আপনারা বিজেপিকে ভোট দেননি। যা কাজ করে দেব তাতে ১০০ বছর থাকবে বিজেপি।'