• খেলার মাঝেই মৃত্যু, ভলিবল সার্ভ করে মাটিতে লুটিয়ে পড়ল পনেরোর কিশোর, প্রকাশ্যে ভিডিও
    প্রতিদিন | ০৭ আগস্ট ২০২৬
  • কর্নাটকের দক্ষিণ কন্নাড়া জেলায় মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার স্থানীয় মাঠে ভলিবেলা খেলা চলছিল। খেলার মাঝে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ১৫ বছরের এক কিশোর। মৃত্যু হয়েছে তার। মাঠের কাছের একটি সিসিটিভি ফুটেজে রেকর্ড হয়েছে গোটা ঘটনা। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম লিখিত আমিন। সে সুরিনজির কোটে বোল্লারুর সরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র। এদিন সুরিনজির একটি মাঠে বন্ধুদের সঙ্গে ভলিবল খেলছিল লিখিত। সবকিছু স্বাভাবিক ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সার্ভ করে নেটের দিকে এগোচ্ছে সে। এরপর দুই হাত উপরে তুলতে দেখা যায় তাকে। পর মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যরা ছুটে যায় তার কাছে।

    তড়িঘড়ি লিখিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা জানিয়ে দেন, ইতিমধ্যে পনেরো বছরের কিশোরের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

    প্রসঙ্গত, কোভিডের পর থেকে হৃদরোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমনকী কম বয়সিদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা যাচ্ছে। সাম্প্রতিক অতীতে নাচতে নাচতে, জিম করতে করতে একাধিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। খেলার মাঝে মৃত্যুর ঘটনাও নতুন না।
  • Link to this news (প্রতিদিন)