দালালকে ২০ হাজার টাকা দিয়ে ভারতে ঢুকে দার্জিলিং ভ্রমণ! পুলিশের জালে বাংলাদেশি যুবক। ধৃতের নাম সত্যজিৎ রায়। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার বিকেল নাগাদ শৈল শহরের ম্যাল এলাকার আশপাশে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপরই সত্যজিৎকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে দার্জিলিং সদর থানার পুলিশ। কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার ফাঁসিদেওয়ার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। খুব শীঘ্রই বাংলাদেশে পুশব্যাক!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক পনেরো দিন আগে ২০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বিন্দোল সীমান্ত টপকে রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করে। সেখানে দিন মজুরির কাজও শুরু করে। তদন্তকারী সূত্রে খবর, ধৃত ওই যুবক উত্তর অথবা দক্ষিণ দিনাজপুরের কোথাও পাকাপাকি ভাবে থাকার জন্য জমি কিনে বাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছিল। কিন্তু পাহাড়ে বেরাতে যেতেই সামনে চলে আসে সমস্ত কেলেঙ্কারি! ইতিমধ্যে ধৃত যুবককে জিজ্ঞেস করে কয়েকজন দালালের নাম পুলিশ আধিকারিকরা জেনেছেন বলে খবর।
সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই সীমান্ত পারাপারের পেছনে থাকা ওই এজেন্ট অথবা দালাল চক্রের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন, সম্প্রতি নেপালে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ অশান্তির পর থেকে দার্জিলিং জেলা জুড়ে নজরদারি বাড়িয়েছে পুলিশ, এসএসবি এবং গোয়েন্দারা। নেপাল থেকে তাড়া খেয়ে বাংলাদেশি ও পাকিস্তানি অনুপ্রবেশকারীরা ভারতে আশ্রয় নিতে পারে ওই আশঙ্কায় নেপাল সীমান্ত ছাড়াও শিলিগুড়ি, দার্জিলিং সহ বিভিন্ন এলাকায় চলছে নাকা তল্লাশি। সীমান্তে পারপারের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে একাধিক সতর্কতা। এরমধ্যেই দার্জিলিংয়ে বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।