• ‘LGBTQ সমাজের অংশ’ বলেও সমলিঙ্গ বিয়ে নিয়ে কী বললেন RSS প্রধান?
    এই সময় | ০৭ আগস্ট ২০২৬
  • LGBTQ থেকে সমলিঙ্গ বিবাহ- মুম্বইয়ে IIMUN-এর একটি অনুষ্ঠানে খোলামেলা উত্তর শোনা গেল RSS প্রধান মোহন ভাগবতের মুখে। প্রশ্নকর্তা ঋষভ শাহ জানতে চেয়েছিলেন, সমলিঙ্গ বিবাহ নিয়ে জেন জ়ি ও জেন আলফাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। বিষয়টি নিয়ে সঙ্ঘ কী ভাবছে? কেন সমলিঙ্গ বিবাহ আইনসিদ্ধ করতে চায় না আরএসএস? প্রশ্ন করার পরেই দর্শকাসন থেকে সমর্থন জানিয়ে হুল্লোড়ের আওয়াজ শোনা যায়। তা শুনে উত্তর দেওয়ার আগে হেসে ফেলতে দেখা যায় সঙ্ঘপ্রধান মোহন ভাগবতকেও।

    মোহন ভাগবত বলেন, ‘LGBT হোক বা আর যাই হোক, তাঁরা সকলেই আমাদের সমাজের অংশ। আমাদের সমাজে সবাইকে জড়িয়ে থাকার ঐতিহ্য রয়েছে।’

    কিন্তু বিবাহ বা বিয়ে নিয়ে কী বললেন তিনি? মোহন ভাগবত জানাচ্ছেন, ভারতীয় সংস্কৃতিতে বিবাহ নামক ধারণাটি শুধুমাত্র দু’জন ব্যক্তি যাতে একসঙ্গে থাকতে পারবেন, সেই কারণে তৈরি হয়নি। বিবাহ আদতে একটি প্রতিষ্ঠান বলে জানালেন তিনি। তাঁর কথায়, পরিবার তৈরির জন্যই বিবাহ নামের এই বিষয়টি এসেছে। মোহন ভাগবত বলছেন, ‘পরিবার আদতে সমাজের ইউনিট। পরবর্তী প্রজন্ম এই পরিবার তথা ‘কুটুম্ব’তে প্রশিক্ষিত হয় যাতে তারা ভালো নাগরিক হতে পারে।’ এর সঙ্গে সমলিঙ্গ বিবাহের সম্পর্ক কী? সঙ্ঘপ্রধানের মতে, ‘প্রাচীনকাল থেকে এই পদ্ধতি চলে আসছে। আমাদের আগে নতুন কোনও সিস্টেম তৈরি করতে হবে। সেটা না করে যদি ইতিমধ্যেই যা চলছে সেটিকে বিরক্ত করি তাহলে দ্বন্দ্ব তৈরি হবে।’

    এরই সঙ্গে তাঁর বার্তা, আগে সমাজকে তৈরি করতে হবে। কারণ আইন করে সমাজ পাল্টানো যায় না। সমাজই আইন তৈরি করে। সমাজকে আগে এই বিষয়ে শিক্ষা দেওয়ার বার্তা দিয়েছেন মোহন ভাগবত। তিনি বলছেন, ‘আমাদের আগে সমাজকে শিক্ষিত করতে হবে। সেই ধাপটাই হয়নি। এখন যে পরিস্থিতি রয়েছে, সেখানে দাঁড়িয়ে বিয়ের মতো প্রতিষ্ঠানকে কাটাছেঁড়া করলে অন্যদিকে সমস্যা তৈরি হবে।’

    তাহলে কী করা উচিত? মোহন ভাগবতের মতে এমন সিস্টেম তৈরি করা উচিত, যেখানে এমন সবাইকে নিয়ে চলা যাবে। তাঁর সংযোজন, ‘সমলিঙ্গ বিবাহ- এমনটা বলা উচিত নয়। সমলিঙ্গের সঙ্গীরা কী ভাবে একসঙ্গে থাকতে পারেন, তার জন্য কোনও সিস্টেম তৈরি করতে হবে। সেই বিষয়টি নিয়ে আইন তৈরি করতে পারেন, সমাজ সেটা মেনে নেবে।’

  • Link to this news (এই সময়)