ভুটানে বৃষ্টি, ভাটিবাড়িতে ভাঙল গদাধর নদীর বাঁধ ও রাস্তা, বিপত্তি
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার রাত থেকে ও বৃহস্পতিবার দিনভর আলিপুরদুয়ার জেলার কোথাও বৃষ্টি হয়নি। ফলে জেলার নদীগুলির জল কমছে। কিন্তু বুধবার রাত থেকে ভুটানে ভারী বৃষ্টির কারণে আলিপুরদুয়ার-২ ব্লকের গদাধর নদী ফুলেফেঁপে ওঠে। গদাধর নদী ভুটান থেকে নেমে আসা জলরাশির চাপ নিতে পারেনি। তারই জেরে বৃহস্পতিবার সকালে গদাধরের জলস্ফীতিতে ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোরাগাড়ি গ্রামে পঞ্চায়েত সমিতির পাকা রাস্তার ১৫ ফুট ভেঙে যায়। সেখানে ভেঙে যায় গদাধরের বাঁধও। গদাধরের জলে পাশে থাকা রাজ্য সড়কেও ফাটল ধরেছে। গদাধরের বাঁধ ভেঙে বোরগাড়িতে শতাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। রাস্তা ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ওই এলাকার পড়ুয়ারা স্কুলে যেতে পারেনি। গ্রামের বাসিন্দাদেরও যাতায়াত বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মানিক আর্য বলেন, রাতে ভুটানের বৃষ্টির কারণে গদাধর নদী জলের চাপ নিতে পারেনি। জলের চাপে বাঁধ ও গ্রামের রাস্তা ভেঙে যায়। বেশকিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এদিকে বাঁধ ও রাস্তা ভেঙে যাওয়ার খবর পেয়ে বোরাগাড়ির ২৬২ নম্বর বুথে পৌঁছন বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি মতিলাল বর্মন। তিনি বাঁধ ও রাস্তা ভাঙার বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনেন। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছয় এবং দ্রুত ভাঙা বাঁধ ও রাস্তা মেরামতির আশ্বাস দেন। ভাটিবাড়ি পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ জানিয়েছে, ভুটানে বৃষ্টির জন্যই হঠাৎ করে গদাধর নদীতে জলস্ফীতি ঘটে। তার জেরেই এই বিপত্তি। ফাঁড়ি থেকেও বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়। • নিজস্ব চিত্র।