কোচবিহার: রিভিউ মিটিংয়ে রাজ্য পুলিশের আইজি, বাড়তে পারে দু’টি থানা
বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
সন্দীপন দত্ত, কোচবিহার: আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তবর্তী কোচবিহার জেলায় বাড়তে পারে থানা। বৃহস্পতিবার জেলায় আসেন রাজ্য পুলিশের আইজি (উত্তরবঙ্গ) সুকেশ জৈন। তিনি কোচবিহারের পুলিশ সুপার সহ পদস্থ আধিকারিকদের নিয়ে একটি রিভিউ মিটিং করেন। সেই বৈঠকেই থানা ও ফাঁড়ির সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বলে পুলিশ সূত্রেই জানা গিয়েছে।
রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে কোচবিহার অন্যতম। এই জেলার একটা বড়ো অংশে বাংলাদেশ সীমান্ত রয়েছে। যারমধ্যে বেশকিছুটা উন্মুক্ত সীমান্তও আছে। চোরাচালান, অস্ত্র কারবার, মাদক সরবরাহ করার চক্র এই অঞ্চলে সক্রিয়। জেলার আইনশৃঙ্খলা সহ বর্তমান পরিস্থিতি নিয়ে এদিন এসপি অফিসে বৈঠক করেন আইজি। বৈঠকে ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি প্রশান্ত চৌধুরী, জেলার পুলিশ সুপার মণীশ যোশি সহ জেলা পুলিশের কর্তারা। বৈঠকে দু’টি নতুন থানা সহ বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দু’টি থানা ও জেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি বাড়ানো হবে বলে স্থির হয়েছে। তবে কোথায় ওই দু’টি থানা হচ্ছে, তা এখনই পরিষ্কার করে বলতে চাননি ওই পুলিশ কর্তা। এছাড়াও এদিন মাদক ও অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, সাইবার ক্রাইম ও উইমেন হেল্প ডেস্ক, পথ নিরাপত্তা প্রভৃতি বিষয়ে আইজি বিস্তারিত খোঁজখবর নেন।
জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় ১৬টি থানা রয়েছে। এরমধ্যে ১৩টি মূল থানা, দু’টি মহিলা থানা ও একটি সাইবার ক্রাইম থানা। দু’টি নতুন থানা তৈরি হলে জেলার থানার সংখ্যা বেড়ে হবে ১৮টি।